কলকাতায় সম্মানিত হলেন রাজ্জাক ও আইয়ুব বাচ্চু

দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে গত রোববার সন্ধ্যায় টেলিসিনে সোসাইটি আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র তারকা নায়করাজ রাজ্জাকের হাতে তুলে দেওয়া হয় তাঁর চলচ্চিত্রজীবনের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা স্মারক। একই সঙ্গে কলকাতার প্রখ্যাত চিত্রতারকা রঞ্জিত মল্লিকের হাতেও তুলে দেওয়া হয় একই সম্মাননা।
এই সম্মাননা পেয়ে আবেগে আপ্লুত রাজ্জাক বলেন, ‘আমি আনন্দিত, খুশি এবং মুগ্ধ। আমি তো এখানেরই সন্তান। আমার জন্ম কলকাতার নাকতলা এলাকায়। পড়াশোনা ও বেড়ে ওঠা এই কলকাতায়। আজ আমাকে এই মঞ্চে যে সম্মান দেওয়া হলো, তা আমি আমার জীবনভর স্মরণে রাখব। যেকোনো সম্মাননা মানুষের কাজেরই একটি স্বীকৃতি। আমি গর্বিত।’
রঞ্জিত মল্লিক বলেন, ‘আমিও তো আবার একসময়ের ওপার বাংলার মানুষ। ঘটনাচক্রে আমি আজ এপার বাংলায়। ভালো লাগছে এই সম্মান পেয়ে।’
বিশিষ্টজনদের হাতে এই সম্মাননা তুলে দেন পশ্চিমবঙ্গের শিশু, নারী উন্নয়ন ও সমাজকল্যাণমন্ত্রী শশী পাঁজা, রচনা ব্যানার্জি, শুভাশীষ মুখার্জি, ইন্দ্রানী দত্ত, রাহুল বর্মণ প্রমুখ।
এ ছাড়া বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয় বাংলাদেশের রক গানের প্রখ্যাত শিল্পী আইয়ুব বাচ্চুকে। তিনি এদিন কলকাতার দর্শকদের সামনে গান গেয়ে শোনান। গান গেয়ে শোনান হাবিব ওয়াহিদ, কনাও। কনা দর্শকদের সঙ্গে গানের তালে নাচেনও।
এদিন পুরস্কৃত করা হয় বাংলাদেশের চিত্রতারকা নুসরাত ফারিয়া, সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও কনাকেও। সেরা চলচ্চিত্রের পুরস্কার দেওয়া হয়েছে আয়নাবাজিকে। পুরস্কার গ্রহণ করেন ছবির পরিচালক অমিতাভ রেজা।
এটি ছিল টেলিসিনে সোসাইটির ১৬তম সম্মাননা উত্সব। এর আগে ১৪তম সম্মাননা উত্সবে সম্মানিত হয়েছিলেন বাংলাদেশের জয়া আহসান, ফেরদৌস, হাসিবুর রেজা কল্লোল ও বেলাল খান।