
ভারতের ঊষা গাঙ্গুলীকে চেনেন না বা তাঁর নাট্যদল রঙ্গকর্মীর কদর করেন না—এমন কেউ বাংলাদেশের নাট্যাঙ্গনে খুঁজলে পাওয়া যাবে না। দুই বছর আগেই ঢাকার নাগরিক নাট্য সম্প্রদায়ের হয়ে সাদাত হাসান মান্টোর কাহিনি নিয়ে নামগোত্রহীন মান্টোর মেয়েরা নির্দেশনা দিয়েছিলেন ঊষা গাঙ্গুলী। এবার তাঁর দল রঙ্গকর্মীর ৪১ বছরে পদার্পণকে স্মরণীয় করে রাখতে ঢাকার নাট্যকার সাধনা আহমেদের নবনাটলিপি সপ্তপর্ণী মঞ্চে আনার পরিকল্পনা করেছেন তিনি। রবীন্দ্রসাহিত্য মন্থন করে চন্দরা, কাদম্বিনী, সাধারণ মেয়ে, চিত্রাঙ্গদা, দামিনী, নন্দিনী, এলা—এই সাতটি চরিত্রকে নিয়ে সাতটি স্বগতোক্তির সম্পুট রচনা করেছেন সাধনা আহমেদ। এই নিয়ে সপ্তপর্ণীর উড়ান।
এই উড়ান পরিচালনা করার জন্য কলকাতার সাতজন প্রধান নারী নির্দেশককে আমন্ত্রণ জানিয়েছেন ঊষা গাঙ্গুলী। এঁরা হলেন সোহাগ সেন, সীমা মুখোপাধ্যায়, সুরঞ্জনা দাশগুপ্ত, তুলিকা দাস, অদ্রিজা দাশগুপ্ত, ঈশিতা মুখোপাধ্যায় ও অবন্তী চক্রবর্তী। তাঁদের নির্দেশনায় বাংলা ও হিন্দিতে অভিনয় করছেন কলকাতার বাংলা থিয়েটারের তিন প্রজন্মের শ্রেষ্ঠ অভিনেত্রীরা।

এঁদের মধ্যে সর্বাগ্রে উল্লেখ্য মায়া ঘোষের নাম। ১৯৭৪ সালে থিয়েটার ওয়ার্কশপের চাকভাঙা মধু, রাজরক্ত দেখে ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণ আলোড়িত হয়েছিল। তাতে প্রধান অভিনেত্রী হতেন মায়া। সপ্তপর্ণীতে তিনি ‘সাধারণ মেয়ে’র আশা-নিরাশার বীজ বুনবেন। তাঁর পাশে দাঁড়িয়ে পাল্লা দিয়ে অভিনয় করবেন সেঁজুতি মুখোপাধ্যায়, সঞ্চয়িতা ভট্টাচার্য, অনুভা ফতেপুরিয়া, করুণা ঠাকুর, মৃন্ময়ী বিশ্বাস ও কথাকলি। মঞ্চসজ্জা করেছেন সদ্য ঢাকা বিয়েনালে সাড়াজাগানো শিল্পী সঞ্চয়ন ঘোষ। আলোক পরিকল্পনা বাদল দাসের। আবহ রচনা করছেন ভদ্রা বসু।
প্রযোজনার মহড়া এখন চূড়ান্ত পর্যায়ে। দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে রঙ্গকর্মীর নিজস্ব স্টুডিও থিয়েটারে দিনরাত এক করে সপ্তপর্ণীর গ্রন্থনা চলছে। ১৬ জানুয়ারি কলকাতার একাডেমি অব ফাইন আর্টসে হবে এর প্রথম মঞ্চায়ন।
পরদিন অভিনীত হবে ঊষা গাঙ্গুলীর নির্দেশনায় রঙ্গকর্মীর বদনাম মান্টো। ১৮ তারিখ থাকবে সপ্তপর্ণীর নির্মাণ ও সৃষ্টি নিয়ে একটি আলোচনা। এটির সঞ্চালনায় থাকবেন প্রখ্যাত নাট্য সমালোচক অংশুমান ভৌমিক। সবার শেষে ঊষা গাঙ্গুলীর একক অভিনয়ও থাকবে। তিন দিনের এই উত্সবের নামকরণ হয়েছে ‘টেগোর টু মান্টো’। সবার রঙে রং মেলাতে ঢাকা থেকে উড়ান ধরছেন নাট্যকার সাধনা আহমেদ।