কলকাতায় সৈয়দ হকের 'বুকঝিম এক ভালোবাসা'র নাট্যায়ন

মধ্যযুগের লোককাহিনি নিয়ে একটি প্রেম-উপাখ্যান রচনা করেছিলেন সেই বহুযুগ আগে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। এরপর আরও অনেক উপন্যাস লিখেছেন তিনি। হয়তো এ লেখাটির কথা তাঁর মনেও ছিল না, অন্য সব লেখার তাড়নায়।
কালের অনুক্রমে এ উপন্যাসটির একটি কপি কীভাবে যেন পশ্চিমবঙ্গের শ্রী কৌশিক নিয়োগীর হাতে পড়ে। তিনি বইয়ের ভেতরে বিশেষ নাট্য-উপাদানের সন্ধান পান। পরে নাট্য রূপান্তরের জন্য উপন্যাসটি তিনি তুলে দেন শ্রমণ চট্টোপাধ্যায়ের হাতে।
শ্রমণ এবং তাঁর সহচরেরা প্রায় প্রত্যেকেই তরুণ। বেশিদিন হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসেছেন তাঁরা। সাহসী ও প্রাণচাঞ্চল্যে ভরপুর। দিবারাত্রির অক্লান্ত পরিশ্রমে তাঁদের হাতেই উপন্যাসটির সফল মঞ্চায়ন হয়েছে। আর গেল মাসের ৮ তারিখে অনেকের সঙ্গে নাটকের একটি প্রদর্শনী অবলোকন করেছি আমিও।
সন্ধ্যা সাড়ে ছয়টা। উপস্থিত হলাম শিশির মঞ্চে। ইতিমধ্যে অসিতবরণ রায় নামের এক ফরাসি ভাষার শিক্ষককে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম নাটকটি সস্ত্রীক দেখতে। সৈয়দ হকের কাছে সম্পূর্ণ অচেনা এই মানুষটি তাঁকে নিয়েই অনেক কাজ করছেন বর্তমানে। নিজের পকেটের পয়সায় বের করেছেন বাঙালি চেতনার বাতিঘর নামের একটি পুস্তিকা। আসছে জুনে কলকাতায় ‘সৈয়দ শামসুল হক স্মারক বক্তৃতা’র আয়োজনও করেছেন তিনি। এই বক্তৃতাটি দেবেন বুকঝিম–এর নির্দেশক শ্রমণ চট্টোপাধ্যায়।
নাটকের প্রথম রজনী দেখার সৌভাগ্য আমার হয়নি। কারণ এটি মঞ্চে আসার সময় সৈয়দ হক ছিলেন বিদেশে। গুরুতর অসুস্থ। তবু এর ভেতরেও শ্রমণকে তিনি উত্সাহ দিয়েছেন। প্রায় প্রতিদিনই শ্রমণের সঙ্গে তাঁর বার্তা বিনিময় হয়েছে মোবাইলে। কত যে শখ ছিল তিনি উপন্যাসটির মঞ্চ রূপায়ণ চাক্ষুষ দেখে যাবেন! তো, আমি যেদিন বুকঝিম এক ভালোবাসা নাটকটি দেখলাম, শিশিরমঞ্চভর্তি দর্শক ছিল সেদিনও।
নাটকটি মঞ্চস্থ হয় ‘একুশ শতক’ নামে কলকাতার একটি দলের প্রযোজনায়। এই নাটকের দোহকের বক্তব্যটি এখানে বিশেষ উল্লেখ্য, তিনি বলেন, ‘বুকঝিম এক ভালোবাসা উপন্যাস হিসেবে এতটাই সম্পূর্ণ, এত স্পষ্টভাবে কালসীমাকে ধারণ করে অতিক্রম করতে পারা এক আখ্যান, যা আদতে অন্য সংরূপে নিয়ে যাওয়া খুব স্পর্ধার কাজ। আমরা যখন থেকে সেই স্পর্ধাকে ছুঁতে মনস্থ করি, আমাদের মনে হয়েছিল, এ কাজে আমাদের পথনির্দেশক স্বয়ং সৈয়দ শামসুল হক। তাঁর ভাষায়, কথনভঙ্গিতে, অধ্যায় বিভাগে পদে পদে বলে দেওয়া ছিল পথনির্দেশ।’
তবে পথনির্দেশ থাকলেও মঞ্চায়ন ব্যাপারটি কিন্তু যথেষ্ট কঠিন কাজ। তবে এ কাজটি একুশ শতক খুব সফলভাবেই সম্পন্ন করেছে। তাদের নাট্যনির্মাণ এত মর্মস্পর্শী যে মাঝে মাঝে চোখ ভিজে ওঠে, চোখ ভেসে যায়। শ্রমণের নিজেরই নির্দেশনায় প্রায় দুই ঘণ্টাব্যপী তাঁর অভিনয় দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে। তাঁর বাচনভঙ্গি, অভিব্যক্তি, মুহূর্তের ভেতরে চরিত্র বদল, অভিনয়ে সাবলীলতা—এক কথায় বলতে গেলে অপূর্ব। এর প্রমাণ হচ্ছে তাঁর এই নাটক সম্পর্কে কলকাতার খবরের কাগজে ক্রমাগত প্রশংসা ও অভিনন্দন।
শ্রমণের সহ-অভিনেতা হিসেবে সর্বজিৎ ঘোষ আর সুহানিশি চক্রবর্তীও সুন্দর অভিনয় করে দর্শকদের মনোরঞ্জন করেছেন। সংগীতে শুভদীপ গুহ, তালবাদ্যে ও কণ্ঠসংগীতে চক্রপাণি দেব, তারবাদ্যে জয়ন্ত সাহা, বাঁশিতে সুশ্রুত গোস্বামী, আলোকসম্পাতে চন্দন দাস, মঞ্চ পরিকল্পনায় কৌস্তভ চক্রবর্তী ও অনির্বাণ চক্রবর্তী—সবাইকে যথাযথ মনে হয়েছে।
শিশিরমঞ্চে সেদিন বুকঝিম এক ভালোবাসা নাটকটি যখন মঞ্চস্থ হচ্ছে, তখন সেখানে উপস্থিত ভারতের বিখ্যাত নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী। তাঁকে দেখে তো আমি খুবই আপ্লুত। পরে জানলাম, সৈয়দ হকের অত্যন্ত কাছের এই মানুষটি বুকঝিম এক ভালোবাসা প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন, যুক্ত ছিলেন আরও অনেকের সঙ্গে একজন উত্তমর্ণ হিসেবে।
ব্যক্তিগতভাবে আমার ভেতরের যে ভাঙচুর এবং এই নাটক দেখার সময় হৃদয়ে যে আবেগ, আক্ষেপ আর কারুণ্যের সৃষ্টি হয়েছিল, সে কথা এখানে উহ্যই থাক। একদা কাল ও সময় হয়তো তা নিরূপণ করবে।
সৈয়দ শামসুল হকের হয়ে আমি এই সব তরুণের কাছে ঋণী থাকলাম।
লেখক: কথাশিল্পী ও সৈয়দ শামসুল হকের স্ত্রী