কলকাতায় ৭১-এর চিঠি

কলকাতার ‘আইসিসিআর’-এর সত্যজিৎ রায় মিলনায়তনে ‘৭১-এর চিঠি’ নামের একটি নাটক মঞ্চস্থ হয়েছে গতকাল শুক্রবার সন্ধ্যায়। এ নাটকটি ঢাকার প্রথমা প্রকাশনের মুক্তিযোদ্ধাদের প্রামাণ্য দলিল চিঠির সংকলন ‘একাত্তরের চিঠি’র আলোকে লেখা।
‘৭১-এর চিঠি’ নাটকটি পরিবেশন করেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ভারতের আইসিসিআর-এর বৃত্তি পেয়ে অধ্যয়নরত বাংলাদেশের ছাত্রছাত্রীরা। এ ছাড়া তাঁরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন।
ভারতের স্বাধীনতাসংগ্রামী মাওলানা আবুল কালাম আজাদের জন্মদিন ( ১১ নভেম্বর ১৮৮৮ সাল) উপলক্ষে পালিত হওয়া আন্তর্জাতিক ছাত্র দিবসকে সামনে রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘৭১-এর চিঠি’ নাটকটির বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করেন নূর, বাপ্পি, তনুজ, সনুপমা, আবির, সুদীপ্তা, তিলোত্তমা, শম্পা এবং দিবাকর। নাটকটির নির্দেশনায় ছিলেন শামীম হাসান ও শাহরিয়ার মোঃ শিবলি। নৃত্য পরিচালনায় ছিলেন হাসান ইশতিয়াক ইমরান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল ছাত্রছাত্রীই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।
এছাড়াও, এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন পলবী রায়, তুষা আলম, মেঘলা, তুলিপ, মীম, জয়া, শীলা, স্নিগ্ধা এবং ইমরান। মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত পুরো অনুষ্ঠানটি দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে। এদিন অবশ্য বাংলাদেশিরা ছাড়াও ইতালি, থাইল্যান্ড, ইরান, নাইজেরিয়া ও মরিশাসের ছাত্রছাত্রীরাও অনুষ্ঠানে অংশ নেন।