কলকাতায় 'বাংলাদেশ বিজয় উৎসব'



মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৫ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ বিজয় উৎসব ২০১৫। বাংলাদেশ উপহাইকমিশন, কলকাতার উদ্যোগে পাঁচ দিনব্যাপী এই আয়োজনে থাকবে মুক্তিযুদ্ধভিত্তিক বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শন, বাংলাদেশি পণ্য ও ঐতিহ্যবাহী খাবারের মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে থাকবে রবীন্দ্র, নজরুল, লোক, বাউল, লালন, আধুনিক ও ব্যান্ড সংগীত।
আয়োজক সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে এই আয়োজনে অংশগ্রহণ করবেন সংগীতশিল্পী রুনা লায়লা, কোনাল, জনপ্রিয় ব্যান্ড এলআরবি, রেনেসাঁ, লালন শিল্পী গোষ্ঠী কুষ্টিয়া, সুফি সংগীত, চট্টগ্রাম।
এ ছাড়া, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর তত্ত্বাবধানে সেখানে আরও অংশ নেবেন তিমির নন্দী, শফি মণ্ডল, সুজিত মোস্তফা, নাসিমা শাহিন ফেন্সি, মৌটুসী ও অণিমা রায়।
বাংলাদেশ বিজয় উৎসবের এই মেলায় থাকবে ঢাকাই জামদানি, রাজশাহী সিল্ক, টাঙ্গাইল তাঁত শাড়ি, হস্তশিল্প ও বুটিকের প্রদর্শনী। এ ছাড়াও, থাকবে ঐতিহ্যবাহী কাচ্চি বিরিয়ানি, ভুনা খিচুড়ি ও পিঠাসহ বাংলাদেশি মুখরোচক খাবারের প্রদর্শনী।
১৫ থেকে ১৮ ডিসেম্বর কলকাতা সময় প্রতিদিন এই মেলা চলবে বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত। আর ১৯ ডিসেম্বরে মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
