কলকাতায় 'বাংলাদেশ বিজয় উৎসব'
বিজয় দিবস উপলক্ষে ১৫ থেকে ১৯ ডিসেম্বর ভারতের কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বসছে ‘বাংলাদেশ বিজয় উৎসব ২০১৫’। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের উদ্যোগে পাঁচ দিনব্যাপী এই আয়োজনে থাকছে মুক্তিযুদ্ধভিত্তিক বাংলাদেশি চলচ্চিত্র প্রদর্শন, বাংলাদেশি পণ্য ও ঐতিহ্যবাহী খাবারের মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্বে থাকবে রবীন্দ্র, নজরুল, লোক, আধুনিক ও ব্যান্ড সংগীত।
আয়োজক সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে এই আয়োজনে অংশ নেবেন রুনা লায়লা, গানের দল এলআরবি, রেনেসাঁ, কোনাল, লালন শিল্পীগোষ্ঠী কুষ্টিয়া ও সুফি সংগীত চট্টগ্রাম।
এ ছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমীর তত্ত্বাবধানে সেখানে আরও অংশ নেবেন তিমির নন্দী, শফি মণ্ডল, সুজিত মুস্তাফা, নাসিমা শাহিন, মৌটুসী ও অিনমা রায়।
মেলায় থাকবে ঢাকাই জামদানি, রাজশাহী সিল্ক, টাঙ্গাইল তাঁত শাড়ি, হস্তশিল্পী ও বুটিক প্রদর্শনী। এ ছাড়া বাংলাদেশি কাচ্চি বিরিয়ানি, ভুনা খিচুড়ি, পিঠাসহ মুখরোচক খাবারের প্রদর্শনী থাকবে। ১৫ থেকে ১৮ ডিসেম্বর কলকাতার সময় প্রতিদিন এই মেলা চলবে বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত। আর ১৯ ডিসেম্বর চলবে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।