কলকাতায় 'বাংলাদেশ বিজয় উৎসব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ভারতের কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ বিজয় উৎসব’। কলকাতার বাংলাদেশ উপহাইকমিশন আয়োজিত এই উৎসব হবে পাঁচ দিনব্যাপী। ১৫ ডিসেম্বর বিকেলে প্রধান অতিথি হিসেবে এই উৎসব উদ্বোধন করবেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। 

উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্যাঞ্চল পরিবেশন করবে ‘আমি বাংলার গান গাই’ শীর্ষক নৃত্যালেখ্য। শামীম আরা নীপা ও শিবলী মহম্মদের পরিচালনায় এই নৃত্যালেখ্যে অংশগ্রহণ করবেন নৃত্যাঞ্চলের ৩০ জন শিল্পী। উৎসবের বিভিন্ন দিনে সংগীত পরিবেশন করবেন বাংলাদেশের বিশিষ্ট শিল্পীরা এবং ব্যান্ড।

১৫ ডিসেম্বর রয়েছে সাদি মহম্মদ, লিলি ইসলাম, আমেনা বেগম এবং ব্যান্ড দল ফিডব্যাকের পরিবেশনা। ১৬ ডিসেম্বর সংগীত পরিবেশন করবেন কুমার বিশ্বজিৎ এবং কলকাতায় সংগীত বিষয় নিয়ে পড়তে যাওয়া বাংলাদেশি ছাত্রছাত্রীদের পরিবেশনা। শিক্ষার্থীরা গেয়ে শোনাবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। ১৭ ডিসেম্বর সংগীত পরিবেশন করবেন সাদি মহম্মদ, সাজিদ আকবর, সালমা আকবর ও ইয়াকুব আলী খান। ১৮ ডিসেম্বর গাইবেন বরেণ্য শিল্পী সাবিনা ইয়াসমীন। একই দিনে থাকবে কুষ্টিয়ার লালন শিল্পী ও চট্টগ্রামের সুফি দলের গান এবং নাটক মঞ্চস্থ করবে বাংলাদেশের নাট্যদল ‘সুবচন’। শেষ দিন ১৯ ডিসেম্বর গাইবেন শিল্পী এস আই টুটুল ও দিনাত জাহান। 

কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের কাউন্সিলর কনসু্যলার মনসুর আহমেদ টেলিফোনে জানান, উত্সবে প্রতিদিনই মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রদর্শিত হবে। এ ছাড়া মেলায় ঢাকাই জামদানির বিভিন্ন পণ্য এবং ঐতিহ্যবাহী খাবারের ৫০টি স্টল থাকবে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত।