কলকাতায় ‘বাংলাদেশের হৃদয় হতে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতায় শুরু হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র উৎসব ‘বাংলাদেশের হৃদয় হতে’। গত সোমবার সন্ধ্যায় কলকাতার গোর্কি সদনে উৎসবের উদ্বোধন করেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন।বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের ৩৯তম বার্ষিকী উদ্যাপন উপলক্ষে এই উৎসব হচ্ছে। উৎসবের ছবিগুলো হলো হুমায়ূন আহমেদের আগুনের পরশমণি ও শ্যামল ছায়া, চাষী নজরুল ইসলামের মেঘের পরে মেঘ ও ধ্রুবতারা, তৌকীর আহমেদের জয়যাত্রা, শহিদুল ইসলামের লাল সবুজ এবং মোরশেদুল ইসলামের খেলাঘর। চার দিনের এই উৎসব যৌথভাবে আয়োজন করেছে ঢাকার রেইনবো চলচ্চিত্র সংসদ এবং কলকাতার আইজেনস্টাইন চলচ্চিত্র সংসদ।মৃণাল সেন বলেন, ‘আজ আপনারা আমাকে নতুন করে আবার জন্মভূমির কথা স্মরণ করিয়ে দিলেন। জন্মেছি বাংলাদেশে কিন্তু থেকেছি কলকাতায়। তবুও সারা জীবনটাই কেটেছে বাংলাদেশের শৈশবের স্মৃতি আঁকড়ে ধরে। যে মুক্তিযুদ্ধ পৃথিবীর বুকে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটাল আর সেই মুক্তিযুদ্ধের ৩৯তম বার্ষিকীতে এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করতে পেরে আমি সত্যিই গর্বিত। হাজারো মুক্তিযোদ্ধার প্রতি আমার শ্রদ্ধা।’অভিনেত্রী মাধবী চক্রবর্তী বলেন, ‘এই চলচ্চিত্র উৎসব আমাদের নতুন করে প্রেরণা জোগাবে। দুই বাংলার সংস্কৃতির বন্ধন আরও দৃঢ় করবে।’ উৎসবে বিশেষ অতিথি ছিলেন কলকাতায় নিযুক্ত রাশান ভাইস কনসাল জেনারেল আলেক্সান্দর মাজিকা ও কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার। সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার বলেন, ‘এ উৎসব আয়োজনের ফলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে মানুষ নতুন করে জানতে পারবে।’ উৎসবের সব কটি ছবিরই প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘একাত্তরের মুক্তিযুদ্ধ আমাদের অনেক গর্বের। আমাদের অহংকার। দেশের বাইরে মুক্তিযুদ্ধভিত্তিক ছবির উৎসব আয়োজনের ফলে অন্য দেশের দর্শকেরাও এসব ছবি দেখার সুযোগ পাবে।’ রেইনবো চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক আহমেদ মোস্তফা জামাল বলেন, ‘এই উৎসবের মধ্য দিয়ে আমাদের দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গাঢ় হবে।’ অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বাংলাদেশের শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। উৎসব উদ্বোধনের পর হুমায়ূন আহমেদ পরিচালিত শ্যামল ছায়া ছবিটি দেখানো হয়।