কলকাতায় 'ভুবন মাঝি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কলকাতায় ‘ভুবন মাঝি’ ছবির প্রদর্শনীতে পরমব্রত চট্টোপাধ্যায় ও অপর্ণা ঘোষ। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতায় ‘ভুবন মাঝি’ ছবির প্রদর্শনীতে পরমব্রত চট্টোপাধ্যায় ও অপর্ণা ঘোষ। ছবি: ভাস্কর মুখার্জি

কলকাতায় মুক্তি পেয়েছে বাংলাদেশের ছবি ‘ভুবন মাঝি’। গতকাল শুক্রবার রাতে দক্ষিণ কলকাতার অ্যাক্রোপলিস শপিং মলের সিনেপলিশ প্রেক্ষাগৃহে ছবিটি আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী ঘটনা নিয়ে তৈরি হয়েছে ছবিটি। পরিচালনা করেছেন ফাখরুল আরেফিন খান। ছবির কাহিনিও তাঁর।

গতকাল রাতের এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ছবির পরিচালক ফাখরুল আরেফিন খান, ছবির নায়ক পরমব্রত চট্টোপাধ্যায়, নায়িকা অপর্ণা ঘোষ, চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ, শিল্পপতি সত্যম রায়চৌধুরী, কলকাতার অনিন্দ্য চট্টোপাধ্যায়, কলকাতস্থ বাংলাদেশ উপহাইকমিশনের হেড অব চ্যান্সারি বি এম জামাল হোসেন, প্রথম সচিব (প্রেস) মো. মোফাখখারুল ইকবাল, কাউন্সিলর (শিক্ষা) শেখ শফিউল ইমাম, ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান রিফ্লেক্ট কমিউনিকেশনস মিডিয়া গ্রুপের কাজী আকিব। ছবির গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রয়াত কালিকা প্রসাদ ভট্টাচার্য। কলকাতায় ছবিটির পরিবেশনার দায়িত্বে আছে ভেঙ্কটেশ ফিল্মস।

কলকাতায় ‘ভুবন মাঝি’ ছবির প্রদর্শনীতে নাসির উদ্দীন ইউসুফ, পরমব্রত চট্টোপাধ্যায়, অপর্ণা ঘোষ, ফাখরুল আরেফিন খান ও অনিন্দ্য চট্টোপাধ্যায়। ছবি: ভাস্কর মুখার্জি
কলকাতায় ‘ভুবন মাঝি’ ছবির প্রদর্শনীতে নাসির উদ্দীন ইউসুফ, পরমব্রত চট্টোপাধ্যায়, অপর্ণা ঘোষ, ফাখরুল আরেফিন খান ও অনিন্দ্য চট্টোপাধ্যায়। ছবি: ভাস্কর মুখার্জি

ফাখরুল আরেফিন খান প্রথম আলোকে বলেন, ‘ছবিটি বাংলাদেশে মুক্তি পায় ২০১৭ সালের ৩ মার্চ। সেখানে প্রচুর দর্শক ছবিটি দেখেছেন। এবার কলকাতায় বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছে “ভুবন মাঝি”। আমি খুব খুশি। কলকাতার দর্শকদের কাছ থেকে যে সাড়া পেয়েছি, তা দেখে আমি অভিভূত। আশা করছি, ছবিটি কলকাতার দর্শকদের মন জয় করতে পারবে।’

অপর্ণা ঘোষ বলেছেন, ‘কলকাতায় আমার ছবির প্রথম প্রদর্শনী হয়েছে। দারুণ লাগছে! কলকাতার ছবিপ্রেমীদের ছবিটি ভালো লাগলে আরও খুশি হব।’