কলকাতায় 'শিকারি'র পাশে 'ঈগলের চোখ'

কলকাতায় গত শুক্রবার মুক্তি পেল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি শিকারি। এদিনই আবার কলকাতায় মুক্তি পেয়েছে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানের ছবি ঈগলের চোখ। শিকারি মুক্তি পেয়েছে কলকাতার ১১৭টি প্রেক্ষাগৃহে। আর ঈগলের চোখ মুক্তি পেয়েছে ৫৪টি প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্সে। বাংলাদেশের অভিনেতা শাকিব খানের অভিনয় দেখতে এদিন কলকাতার সিনেমাপ্রেমীরা বিভিন্ন প্রেক্ষাগৃহে ভিড় জমান। দক্ষিণ কলকাতার পদ্মশ্রী প্রেক্ষাগৃহে বেলা দুইটার প্রদর্শনী শেষে দর্শকেরা একবাক্যে বলেন, দারুণ হয়েছে। শাকিবের অভিনয় অনবদ্য। হলে ঢুকলে দর্শকেরা মুগ্ধ হবেনই। এই ছবিটি বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত। ছবিতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন দুই দেশের অভিনয়শিল্পী শ্রাবন্তী চ্যাটার্জি, রাহুল দেব, সব্যসাচী চক্রবর্তী, অমিত হাসান, খরাজ মুখার্জি প্রমুখ।
সোনারপুরের শের আলী, যাদবপুরের শ্যামলী পাল, মহামায়াতলার দেবাশীষ ভট্টাচার্য—সবার মুখেই ছিল ছবিটির প্রশংসাবাণী। শাকিব-শ্রাবন্তীর অভিনয় আর ছবির গানের প্রশংসায় পঞ্চমুখ তাঁরা। শের আলী তো বলেই ফেলেন, ‘বাংলাদেশের ছবি তাই ছুটে এলাম। দারুণ ছবি হয়েছে। গানগুলো শ্রুতিমধুর।’ শিকারি ছবির অন্যতম পরিচালক জয়দীপ মুখার্জি বলেন, ‘ভালো লাগবে ছবিটি। বাংলাদেশের নায়কের ছবি দেখতে নিশ্চয়ই অনেকে আসবেন সিনেমা হলে। ছবিটিতে রয়েছে পুরো বাঙালিয়ানার ছাপ। আমার বিশ্বাস, ভালো লাগবে সবার।’
এদিন বিকেলে ঈগলের চোখ ছবিটির প্রদর্শন হয়েছে কলকাতার সাংস্কৃতিক কেন্দ্র নন্দন মিলনায়তনে। ছবির অভিনয় ও কাহিনিতেও মুগ্ধ হয়েছেন দর্শকেরা। ছবিটিতে অভিনয় করেছেন বাংলাদেশে দুবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী জয়া আহসান। পরিচালনা করেন অরিন্দম শীল। অভিনয় করেছেন দুই দেশের তারকারা। রয়েছেন শাশ্বত চ্যাটার্জি, পায়েল সরকার, অরুণিমা ঘোষ, জুন মালিয়া, গৌরব চক্রবর্তী প্রমুখ। ছবি দেখে বেহালার সংকর্ষণ বন্দ্যোপাধ্যায়, যাদবপুরের অভিনন্দন দত্ত ও টালিগঞ্জের অর্পিতা রায় এক কথায় বলেন, এটি ভালো লাগার মতো একটি ছবি। তাঁরা আগেও জয়ার ছবি দেখেছেন। প্রখ্যাত লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প নিয়ে তৈরি হয়েছে গোয়েন্দা কাহিনিভিত্তিক ছবি ঈগলের চোখ।