কলিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিকানা—৬৮০১, হলিউড বুলেভার্ড, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া। কত আনন্দ আর বেদনার সাক্ষী হয়ে আছে এই কোডাক থিয়েটার। সেই সব গল্পেরই একটি—২০১০ সাল। সেদিন অধীর আগ্রহে অপেক্ষমাণ গোটা কোডাক থিয়েটার। কার হাতে যাবে সেরা অভিনেতার অস্কার? সেরার লড়াইয়ে আছেন, জর্জ ক্লুনির মতো বড় তারকা। আছেন মর্গান ফ্রিম্যানের মতো তুখোড় অভিনেতা। জেফ ব্রিজেস আর কলিন ফার্থও লড়ছেন সমান তালে। পাল্লা ঠিক কার পক্ষে ঝুঁকবে, আগেভাগে বলা মুশকিল। বিজয়ীর নামসংবলিত খাম খোলা হলো। ২০১০ সালের সেরা অভিনেতার নাম জেফ ব্রিজেস (ক্রেজি হার্ট)। পৃথিবীর স্বাভাবিক নিয়মেই সব ক্যামেরা ত্বরিত ঘুরে গেল জেফ ব্রিজেসের দিকে। সমস্ত আলো আর রোশনাই এসে যেন ঘিরে ধরল ব্রিজেসকে। যেমনটি হয়ে থাকে সচরাচর। আর কলিন ফার্থ? কলিন কী ভাবছিলেন ওই সময়টায়? পুড়ছিলেন হতাশায়, নাকি সামনে আরও অসাধারণ কিছু করার লৌহকঠিন প্রতিজ্ঞায় শক্ত হয়ে উঠছিল তাঁর চোয়াল? অথবা কলিন ভাবছিলেন—রোসো, সামনের বছরটা আসতে দাও। তাঁর মনের আসল ভাবনাটা কী ছিল, সে কথা কলিন কাউকে বলেননি। এই পুরোদস্তুর ইংরেজ ভদ্রলোক হয়তো বলবেনও না কোনো দিন। ডেটলাইন ২৭ ফেব্রুয়ারি ২০১১। বছর ঘুরে আবারও চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় আসরের আলোয় ঝলমলিয়ে উঠেছে কোডাক থিয়েটার। আর কী অদ্ভুত। সেরা অভিনেতাদের দৌড়ে আবারও ঠাঁই করে নিয়েছেন সেই দুজন—জেফ ব্রিজেস (ট্রু গ্রিট) আর কলিন ফার্থ (কিংস স্পিচ)। না, এবারে অবশ্য আর বহু আরাধ্য সেই অস্কার হাত ফসকে যেতে দেননি কলিন। এ সিঙ্গল ম্যান ছবির সমকামী সেই অধ্যাপক যেটা পারেননি, সে কাজটা অনায়াসে সেরে ফেলেছেন দ্য কিংস স্পিচ ছবির রাজা ষষ্ঠ জর্জ, মানে অভিনেতা কলিন ফার্থ। অনায়াসে বলতে হচ্ছে, কারণ এই মৌসুমে (গোল্ডেন গ্লোব, বাফটা, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড ইত্যাদি) সামনের সারির প্রায় সব কটি পুরস্কারই চলে গেছে তাঁর হাতে। এবং অস্কারেও সেরা অভিনেতার পুরস্কারটা যে তাঁর হাতে যাচ্ছে, তার আলামত মিলছিল ঢের আগে থেকেই। অস্কার নিয়ে একটু বাড়াবাড়িটা বেশি হয় বলেই শুরুতেই এই লম্বা কাহিনি ফেঁদে বসা। সত্যিকার অর্থে বলতে গেলে, কলিন নিজেও এই সব নিয়ে বাড়াবাড়িতে খুব বেশি আগ্রহী নন। ‘অস্কারটা আপনার বাড়ির তাকের কোন জায়গায় রাখবেন, সেটা কি এরই মধ্যে ঠিক করে ফেলেছেন?’ মিরর পত্রিকার এক সাংবাদিক এবারের অস্কার ঘোষণার ঠিক আগে আগে প্রশ্নটা করেছিলেন কলিনকে। কলিন উত্তরটা দিয়েছেন সোজাসাপ্টা, ‘পুরস্কার জেতার বিষয়টি আমি ভাবিনি কোনো কালেই। অন্তত গেল বছরের আগ পর্যন্ত তো নয়ই। এমনকি পুরস্কার জেতার লড়াইয়ে কে এগিয়ে, কে পিছিয়ে—এসব হিসাব-নিকাশও আমি আমলে নিতে রাজি নই।’ সত্যিকার অর্থে বলতে গেলে ২০১০ সালের আগ পর্যন্তও প্রায় খালিই ছিল ৫০ বছর বয়সী এই অভিনেতার বসার ঘরের তাক। যুক্তরাজ্যের হ্যাম্পশায়ার এলাকার মানুষ কলিন। মা শার্লি ও বাবা ডেভিড নরম্যান দুজনেই পেশায় শিক্ষক। তাঁর পূর্বপুরুষেরা জীবনের বড় একটা সময় পার করেছেন ভারতে। মিশনারি কাজের সঙ্গে জড়িত ছিলেন তাঁরা। বাবার শিক্ষকতার চাকরির সুবাদেই শৈশবের একটা সময় কেটেছে নাইজেরিয়ায়। কিংস স্কুলে পড়ার সময়ে ঝোঁক ছিল গিটার আর গান-বাজনার দিকে। লন্ডনের ড্রামা সেন্টারে নাম লিখিয়েছিলেন অভিনয়বিদ্যা রপ্ত করার জন্য। অভিনয়ের শুরু মঞ্চ থেকেই। ছোটপর্দায় কাজ করেছেন বেশ কিছুদিন। প্রথম খ্যাতির দেখা পান জেন অস্টিনের কালজয়ী উপন্যাস অবলম্বনে তৈরি প্রাইড অ্যান্ড প্রেজুডিস (১৯৯৫) ধারাবাহিকের সুবাদে। সিরিজের চরিত্র ‘মিস্টার ডার্সি’ নামে খ্যাতিমান হয়ে ওঠেন কলিন ফার্থ। বছর খানেক বাদেই আসে দ্য ইংলিশ পেশেন্ট। অস্কারসহ সব বড়সড় উৎসবে মহা শোরগোল ফেলে দিয়েছিল এই ছবি। কিন্তু বেল পাকলে কাকের কী? পার্শ্বচরিত্রে অভিনয় করা কলিন ফার্থের কপালে জোটেনি পুরস্কারের ছিটেফোঁটাও। ইংলিশ পেশেন্ট-এর জয়জয়কারের সেই বছরে কলিন ফার্থের অর্জন বলতে মামুলি একটা স্ক্রিন অ্যাক্টরস গিল্ড মনোনয়ন। সেবার ভাগ্য সহায় ছিল না। বছর দুই পরে আবারও কলিন ফার্থ অভিনীত ছবি নিয়ে মহা হুলুস্থুল। এবারে শেক্সপিয়র ইন লাভ। এই দফায় স্ক্রিন অ্যাক্টরস গিল্ড হাতছাড়া হওয়ার দুঃখ ঘুচল বটে কিন্তু অধরাই থেকে গেল গোল্ডেন গ্লোব আর অস্কার। তারপর কীভাবে অবশেষে কলিন ফার্থের বশ হলো অধরা অস্কার, সেই গল্পই তো আপনারা শুনলেন শুরুতে। সেসব কথা থাক আবার মিরর পত্রিকাকে দেওয়া সেই খুদে সাক্ষাৎকারে ফিরে যাই। কলিন ফার্থের কাছে প্রশ্ন ছিল:‘আবারও জেফ ব্রিজেসের সঙ্গে অস্কার লড়াই। কেমন লাগছে আপনার?’‘এই মানুষটার সঙ্গে অদ্ভুতভাবে সব সময়ই লিফটে দেখা হয় আমার। শুরুতে শুধু ভদ্রতার হাসি বিনিময় হতো। এরপর শুরু হলো খোশগল্প। উনাকে মনে হয় আমার এক সহযোদ্ধা। এমনকি সামনে একসঙ্গে কাজ করারও কথা ভাবছি আমরা।’ কলিনের জবাব। ওই যে বললাম খাঁটি ভদ্রলোক। কলিন সেটাই। অস্কার জয়ের পর শুনছি, ড্রাকুলা চরিত্রে অভিনয়ের জন্য তোড়জোড় শুরু করেছেন কলিন। কোথায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। কোথায় রাজা ষষ্ঠ জর্জ। আর কোথায় রক্ত হিম করা ড্রাকুলা। সত্যিকার অভিনেতারা তো এমনই হন।  ইকবাল হোসাইন চৌধুরী