কলিম শরাফী আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বনামধন্য রবীন্দ্রসংগীতশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কলিম শরাফী আর নেই। আজ মঙ্গলবার বেলা ১১টা ৫৫ মিনিটে তাঁর বারিধারার বাসায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কলিম শরাফীর বয়স হয়েছিল ৮৬ বছর। কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে কলিম শরাফী স্ত্রী অধ্যাপিকা নওশাবা খাতুন এবং দুই সন্তান আজিজ শরাফী ও আলিয়া শরাফীকে রেখে গেছেন। সন্তানেরা পেশাগত কারণে এখন বিদেশে অবস্থান করছেন।কলিম শরাফীর মরদেহ আজ সন্ধ্যায় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষ তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে। সেখানে জানাজা শেষে রাত সাড়ে নয়টার দিকে তাঁর লাশ মিরপুরের শহীদ বুদ্ধিজীবী গোরস্থানে দাফন করা হয়েছে।কলিম শরাফী ১৯২৪ সালের ৮ মে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৬ থেকে ১৯৫০ সাল পর্যন্ত কলকাতায় সংগীতে শিক্ষা নেওয়ার পর কিছুকাল সেখানেই শিক্ষকতা করেন। এর পর ১৯৫০-এর শেষ দিকে ঢাকায় আসেন। ছাত্রাবস্থায় মহাত্মা গান্ধীর ডাকে ‘ভারত ছাড়’ আন্দোলনে যোগ দিয়ে তিনি জেলও খাটেন। কারাগারেই তাঁর সঙ্গে পরিচয় হয় নামকরা বিভিন্ন শিল্পীর।‘পঞ্চাশের মন্বন্তর’ হিসেবে পরিচিত পাওয়া দুর্ভিক্ষের সময় লঙ্গরখানায় কাজ করাকালীন তিনি কমিউনিস্ট নেতা কমরেড মুজাফ্ফর আহমেদের সংস্পর্শে আসেন। এরপর যোগ দেন কমিউনিস্ট পার্টিতে। এরই মধ্যে চলতে থাকে সংগীত সাধনা।১৯৬৪ সালে ঢাকায় টিভি সেন্টার চালু করা হলে কলিম শরাফীকে প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়। চাকরি শুরুর পরই শুরু হয় নানা ষড়যন্ত্র। বছর দু-এক চাকরি করে সেখান থেকে ইস্তফা টানেন তিনি।স্বাধীনতার পর টেক্সটাইল করপোরেশনে চিফ ইনফরমেশন অফিসার হিসেবে যোগ দেন কলিম শরাফী। এরপর বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কোম্পানিতে ডিরেক্টর হিসেবে যোগ দিয়ে ভাইস চেয়ারম্যান হিসেবে অবসর নেন। সংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ কলিম শরাফী একুশে পদক, স্বাধীনতা পদকসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন। কলিম শরাফীর মৃত্যুতে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি তাঁর শোকবার্তায় বলেন, দেশের সংগীতাঙ্গনে কলিম শরাফী ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। সংগীতের চর্চা ও প্রসারের ক্ষেত্রে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। রাষ্ট্রপতি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।প্রধানমন্ত্রী এক শোকবার্তায় বলেন, শিল্পী ও মুক্তিযোদ্ধা কলিম শরাফীর মৃত্যুতে বাঙালি জাতির সংস্কৃতি ও সংগীতের ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হয়েছে। জাতীয় সংগ্রামের পাশাপাশি প্রগতিশীল সমাজ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় তাঁর ইতিবাচক অবদান জাতি স্মরণ করবে। শেখ হাসিনা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।এ ছাড়া স্পিকার আবদুল হামিদ ও তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ শোকবার্তা দিয়েছেন।