কলিম শরাফী স্মরণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূর্যস্নান ছবিতে ব্যবহূত হয়েছিল গানটি। ‘পথে পথে দিলাম ছড়াইয়ারে...।’ তাঁর ভরাট কণ্ঠে আজও সেকালের অনেককে স্মৃতিকাতর করে তোলে। এ গানের প্রসঙ্গ এলে অনেকের মানসপটে একটি স্মিত হাসিতে ভরা একটি সৌম্যকান্তি মুখ ভেসে ওঠে। তিনি সর্বজনশ্রদ্ধেয় সংগীতজ্ঞ কলিম শরাফী। তাঁর ভরাট কণ্ঠের গান আর শোনা যাবে না। ২ নভেম্বর সকালে চলে গেছেন না-ফেরার জগতে। গতকাল শনিবার বাংলা একাডেমীতে ছিল তাঁর স্মরণসভা।বিকেলে একাডেমীর রবীন্দ্র মঞ্চে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন কবীর চৌধুরী। শিল্পীর প্রতিকৃতি পাশে রেখে তাঁর জীবন ও কর্মের মূল্যায়ন করে বক্তৃতা করেন মুস্তাফা নূরউল ইসলাম, রফিকুল ইসলাম, আনিসুজ্জামান, করুণাময় গোস্বামী, রামেন্দু মজুমদার, তপন মাহমুদ, লিলি ইসলাম, শিল্পী-পত্নী নওশাবা খাতুন এবং একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। আবেগঘন স্মরণসভায় সবার বক্তব্যেই ঘুরেফিরে একটি কথাই আসছিল, ‘কলিম ভাই নেই, এটা মেনে নিতে পারছি না।’সিডিতে কলিম শরাফীর গাওয়া গান বাজানো হয়েছিল অনুষ্ঠানের শুরুতে। এক সময় থেমে যায় সেই গান। শুরু হয় আলোচনা, স্মৃতিচারণার পালা। সভাপতি বললেন, ‘শুধু রবীন্দ্রনাথের সুরই নয়, তাঁর বাণীও হূদয়ে আত্মস্থ করে সংগীত পরিবেশন করেছেন শিল্পী কলিম শরাফী। তাই তাঁর কণ্ঠে রবীন্দ্রসংগীত প্রাণ পেত।’বক্তারা বলেন, পাকিস্তান আমলে রবীন্দ্রসংগীত চর্চা ছিল মূলত বাঙালিত্ব অর্জনের লড়াই। এ লড়াইয়ে কলিম শরাফী অগ্রণী ভূমিকা পালন করেন। কর্মজীবনে বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও তিনি কখনো সংগীত থেকে বিচ্যুত হননি, যুক্ত ছিলেন আদর্শিক কাজের সঙ্গে।বক্তারা কলিম শরাফীকে আকর্ষণীয় চরিত্রের ব্যক্তি হিসেবে মূল্যায়ন করেন। তাঁরা বলেন, তাঁর গায়নশৈলীর অভিনবত্ব এমন এক বৈভব এনেছিল, যা শ্রোতাকে বিমোহিত করে। পাশাপাশি দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে এবং অসাম্প্রদায়িক সমাজ নির্মাণে কলিম শরাফীর ভূমিকা জাতি দীর্ঘদিন স্মরণ রাখবে বলে তাঁরা মন্তব্য করেন।নওশাবা খাতুন বলেন, ‘কলিম শরাফীর জীবনের প্রতিটি স্তর শিল্পিত ছোঁয়ায় বোনা। জীবন যে এত সুন্দর হতে পারে, তা আমি শিল্পী কলিম শরাফীর সঙ্গে থেকে অনুভব করতে পেরেছি।’শিল্পকলায় এলসিনোর দুর্গশিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার মিলনায়তনে নাটক মানেই দর্শক ও কুশীলবদের মুখোমুখি অবস্থান। দর্শকদের বসার ব্যবস্থাটাই এমন যে নাটকের কুশীলবেরা যেন সরাসরি কথা বলেন দর্শকের সঙ্গে। দর্শকও হয়ে ওঠেন নাটকেরই অনুষঙ্গ। গতকাল শনিবার সন্ধ্যায় সেখানে মঞ্চস্থ হলো আরণ্যক নাট্যদলের নিরীক্ষাধর্মী প্রযোজনা ‘টু বি অর নট টু বি’। উইলিয়াম শেক্সপিয়ারের ‘হ্যামলেট’ অবলম্বনে এই নাটকের রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন মাসুদুজ্জমান।শুরুতেই মঞ্চে এলেন আরণ্যক-প্রধান মামুনুর রশীদ। ব্যাখ্যা করলেন নিরীক্ষাধর্মী নাটক ও মূলধারার নাটকের ভিন্নতা। এরপর শুরু হলো অভিনয়।মঞ্চের মাঝখানে হ্যামলেট চরিত্রে সাঈদ সুমন। বেহালার সুরে পিতা হারানোর গভীর বেদনা প্রকাশ করছিলেন। এমন সময় আবির্ভাব মা ওফেলিয়ার। সন্তানকে জড়িয়ে ধরতে চান। কিন্তু হ্যামলেট? তিনি শুনতে পান মৃত পিতার ডাক। দেখতে পান বেদনার নীল রঙের আত্মাকে। হঠাৎ করে চলে যায় আত্মা। হ্যামলেট বলে ওঠেন, ‘যাবে না, আমাকে বোঝাও, আমার কী করণীয়।’ মায়ের দিকে অঙ্গুলি উঁচিয়ে বলেন, ‘আর ওকে বোঝাও, ওর নির্বোধ কাণ্ডজ্ঞানহীনতার কথা।’ মঞ্চ ছাড়েন হ্যামলেট ও তাঁর মা ওফেলিয়া। এরপর প্রহরীদের রাত পাহারা। নরওয়ের রাজপুত্রের রাজ্য আক্রমণের কথা। এগিয়ে চলে নাটক ‘টু বি অর নট টু বি’। নাটকের মঞ্চ খুব ছিল খুব সাদামাটা। শুধু চারটি দরজা আর দেয়াল নিয়ে রাজপ্রাসাদের আবহ। বসার জন্য কয়েকটি নিচু আসন। একে ঘিরেই প্রথম থেকে শেষ পর্যন্ত গড়ায় নাটকে।আজ শিল্পী আমিনুল ইসলামের জন্মদিন বরেণ্য শিল্পী আমিনুল ইসলাম দেশের আধুনিক শিল্প-আন্দোলনের অন্যতম প্রধান পুরুষ। তাঁর শিল্পসাধনা, সামাজিক অঙ্গীকার ও আধুনিকতাবোধ আমাদের শিল্পভুবনকে সমৃদ্ধ করেছে। আজ ৭ নভেম্বর তাঁর ৮০তম জন্মদিন। বেঙ্গল ফাউন্ডেশন ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে আজ রোববার সকালে শিল্পীর বাসায় এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।