কলিম শরাফীকে মরণোত্তর সংবর্ধনা
মঞ্চে শোভা পাচ্ছে শিল্পী কলিম শরাফীর প্রতিকৃতি। দুই পাশের প্রজেক্টরে দেখানো হচ্ছে তাঁর জীবন ও কর্মের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র পথে পথে দিলাম ছড়াইয়া। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে এর আয়োজন করে বিজ্ঞাপনী সংস্থা ইউনিট্রেন্ড লিমিটেড। উপলক্ষ, মরণোত্তর সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। এতে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুনির আহমেদ খান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা জুলফিকার আহমেদ। পরে তাঁরা কলিম শরাফীর স্ত্রী নওশাবা খাতুনের হাতে সম্মাননা ক্রেস্ট ও এক লাখ টাকার চেক তুলে দেন।দ্বিতীয় পর্বে ছিল সংগীতানুষ্ঠান। শিশু শিল্পীদের ‘আলো আমার আলো ওগো’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় গানের পালা। এ ছাড়াও সংগীত পরিবেশন করেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, হিমাদ্রি শেখর, আজিজুর রহমান, সুমাইয়া ইমাম, সাথী সরকার প্রমুখ।সাগরের ‘মাটির জীবন’পথ চলছে মোষের পাল, কোনো কোনোটির ওপর দু-একজন তরুণ। গাছের ডালে একলা পাখি, ঘোড়ার গাড়ি, নানা রং ও আকৃতির টেরাকোটা। এসব টেরাকোটা দেখলে মনে হয় ঐতিহ্যবাহী কোনো ভবনের অংশ। এসবের সঙ্গে আছে কাপপিরিচ, কলমদানি, পানির জগ, গ্লাস, প্লেট ও ফুলদানির মতো নিত্য ব্যবহার্যসামগ্রী। শিল্পী সাগর চন্দ্র দাসের তৃতীয় একক মৃৎশিল্প প্রদর্শনী ‘মাটির জীবন’-এ এসব সামগ্রী শোভা পাচ্ছে। গতকাল নিমতলীর এশিয়াটিক গ্যালারিতে এ প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন স্থপতি শামসুল ওয়ারেস ও অধ্যাপক সিরাজুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পী হামিদুজ্জামান খান ও রবিউল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন হাসান মাহমুদ। প্রদর্শনীতে শতাধিক শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রদর্শনী চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। গ্যালারি খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত।বেঙ্গলে ‘প্রাণের খেলা’ভাষার মাসে পঞ্চ গীতিকবির দেশের গান নিয়ে বেঙ্গল ফাউন্ডেশন গতকাল বিকেলে তাদের ধানমন্ডির শিল্পালয়ে আয়োজন করে নিয়মিত গানের আসর ‘প্রাণের খেলা’। এতে বুলবুল ইসলাম, ঝুমা খন্দকার ও ইয়াকুব আলী খান পরিবেশন করেন রবীন্দ্রনাথ, অতুলপ্রসাদ, দ্বিজেন্দ্রলাল, রজনীকান্ত ও নজরুলের গান।শিল্পীরা ‘ও আমার দেশের মাটি’, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’, ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ’, ‘একটুকু ছোঁয়া লাগে’, ‘ধীর সমীরে চঞ্চল নীড়ে’, ‘তোর কাছে আসব মাগো’, ‘ও আমার বাংলাদেশের মাটি’, ‘একি অপরূপ রূপে মা তোমায়’ প্রভৃতি গান পরিবেশন করেন।‘সংবৃতা’র ‘একুশ’-এ ভাষার কবিতা ও গানমঞ্চের ব্যানারে শিল্পীর তুলিতে আঁকা শহীদ মিনারে শোভা পাচ্ছে নানা রং আর আকৃতির বাংলা বর্ণমালা। এর সামনে নানা রঙের আলোয় এক দল তরুণ-তরুণী। তাঁরা কখনো গান গাইছেন, কখনো আবৃত্তি করছেন। এ চিত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলন কেন্দ্র মিলনায়তনের। উপলক্ষ, আবৃত্তি প্রযোজনা ‘একুশ’। গতকাল বিকেলে এটি পরিবেশন করে সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্রের শিল্পীরা। প্রায় ২৫ জন কবি ও গীতিকারের ভাষা ও দেশের গান আর কবিতার সমন্বয়ে এটি গ্রন্থনা করেন অরুণ আরিফ। এসব গান আর কবিতার মধ্যে শহীদুল্লা কায়সারের ‘শহীদের মাকে’, আবদুল গাফ্ফার চৌধুরীর ‘একুশে ফেব্রুয়ারি’, শামসুর রাহমানের ‘বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা’, মাহবুব উল আলম চৌধুরীর ‘আমরা ঘুমাবো না’, আলাউদ্দিন আল আজাদের ‘স্মৃতিস্তম্ভ’, হুমায়ুন আজাদের ‘বাংলা ভাষা’, দাউদ হায়দারের ‘একুশ’ উল্লেখযোগ্য। এর নির্দেশনা দেন এ কে এম সামছুদ্দোহা ও জালাল উদ্দিন হীরা। পরিবেশনায় অংশ নেন রিফাত রেজওয়ানা, মাসুদুর রহমান, অর্পিতা পাল, লাবণ্য শিল্পী, নাজমুল হোসেন প্রমুখ আবৃত্তিশিল্পী।ঢাকায় চাঁপাই উৎসব১৮ ফেব্রুয়ারি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চাঁপাই উৎসব পালন করবে ঢাকার চাঁপাইনবাবগঞ্জ সমিতি। উৎসবে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী খাবার কলাইর রুটি, আন্ধাসা এবং গম্ভীরা গান পরিবেশন করা হবে। থাকবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।গতকাল মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সমিতির সভাপতি মাহতাব উদ্দিন। সংবাদ সম্মেলন থেকে চাঁপাইনবাবগঞ্জসহ উত্তরাঞ্চলকে মরুময়তার কবল থেকে রক্ষার জন্য জরুরি উদ্যোগ নিতে সরকারের কাছে দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, মো. মহসিন আলী, নেসার উদ্দিন আহমদ প্রমুখ।