কলিম শরাফীর প্রিয় গান ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ ও ‘সমুখে শান্তি পারাবার’ দিয়ে শুরু হয় তাঁর স্মরণানুষ্ঠান। কলিম শরাফীর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণের এই আয়োজন করে রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা।
গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সম্মিলিত কণ্ঠে গানের পাশাপাশি ছিল তাঁকে নিয়ে আলোচনা।
অনুষ্ঠানে শিল্পী কলিম শরাফীর বর্ণাঢ্য জীবন নিয়ে স্মৃতিচারণা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, অভিনেতা সৈয়দ হাসান ইমাম, সাবেক সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস এবং রবীন্দ্রসংগীত শিল্পী অনুপ ভট্টাচার্য্য। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি শিল্পী তপন মাহমুদ।
অনুষ্ঠানে একক কণ্ঠে গান শোনান প্রমোদ দত্ত, সাজেদ আকবর, সাদি মহম্মদ, সালমা আকবর, মহাদেব ঘোষ, অদিতি মহসিন, খন্দকার আবুল কালাম, পীযূষ বড়ুয়া, নার্গিস চৌধুরী, আজিজুর রহমান, শিমু দে প্রমুখ।