কলেজছাত্রী টয়া!

গতকাল রোববার রাতে ফেসবুকে একটি ছবি আপলোড করেন অভিনেত্রী মুমতাহিনা টয়া। কলেজের শিক্ষার্থীর পোশাক পরা এই ছবিতে অল্প সময়েই ‘লাইক’ আর ‘কমেন্ট’ আসা শুরু হয়ে যায়। টয়ার সঙ্গে কথা হলো সেই ছবিটি নিয়ে। বললেন, এটি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিংয়ে সময় তোলা। স্বরাজ দেব ছবিটি পরিচালনা করছেন। ‘বখাটে’ শিরোনামের এই ছবিতে টয়ার সঙ্গে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।
গতকাল ছবিটির শুটিং হলো বাংলামোটরের এক শুটিং বাড়িতে। শুটিং চলছে আজও। ছবিটি নিয়ে টয়া বললেন, ‘অন্য রকম একটি অনুভূতি। আমি এর আগে স্বল্পদৈর্ঘ্য কোনো চলচ্চিত্রে অভিনয় করিনি। এটাই প্রথম। অল্প বয়সী একটা মেয়ের চরিত্রে অভিনয় করেও ভালো লাগছে। এখানে আমাকে কলেজের শিক্ষার্থী হিসেবে দেখা যাবে।’
চলচ্চিত্রটি শিগগিরই অনলাইনে মুক্তি দেওয়া হবে। গত ঈদুল আজহার আগে প্রকাশিত ‘লোকাল বাস’ গানের মিউজিক ভিডিওতে দেখা গিয়েছিল টয়ার ঝলক, যা সম্প্রতি বেশ আলোচিত হয়।