কলের গানে ওয়ারফেজের বদলে শিরোনামহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভির নিয়মিত অনুষ্ঠান ‘ক্লোজআপ কলের গান’। ঈদ উপলক্ষে ঈদের সাত দিনের প্রতিদিন দেশের জনপ্রিয় ব্যান্ড দলের অংশগ্রহণে পরিবেশিত হচ্ছে অনুষ্ঠানটি। আজকের পর্বে গান করার কথা ছিল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় হার্ড রক ব্যান্ড ওয়ারফেজের। কিন্তু একজন ব্যান্ড সদস্যের অসুস্থতাজনিত কারণে আজ আর অনুষ্ঠানটিতে অংশ নেওয়া হচ্ছে না ওয়ারফেজের। ওয়ারফেজের বদলে কলের গানে আজ দর্শকেরা দেখবেন শিরোনামহীনকে।এ প্রসঙ্গে দেশ টিভির গণমাধ্যম সমন্বয়কারী দিগন্ত বাহার প্রথম আলো ডটকমকে জানান, ‘ওয়ারফেজের একজন সদস্য হঠাত্ করে অসুস্থ হয়ে পড়ায় আজকের কলের গানে অংশ নিতে পারছে না ব্যান্ডটি। তাদের বদলে আজকের অনুষ্ঠানে গান পরিবেশন করবে শিরোনামহীন।’ অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে আছেন সঞ্চালক আর্নিক। সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান উপভোগের পাশাপাশি সরাসরি ফোনে কথা বলে শিল্পীদের বিভিন্ন গানের অনুরোধও করতে পারবেন দর্শকেরা। এ জন্য অনুষ্ঠান চলাকালে ৮৩৩২৫০৯ বা ৮৩৩২৭৫৪ নম্বরে ফোন করতে হবে আগ্রহী দর্শকদের।