
জায়গা পেতে দেরি হয়নি। হলিউড ২০০৩ সালেই স্কারলেট জোহানসনকে লালগালিচা পেতে দিয়েছিল। লস্ট ইন ট্রান্সলেশন চলচ্চিত্রের কল্যাণে নিউইয়র্কের এই স্বর্ণকেশী তত দিনে সাড়া ফেলে দেন। ওই ছবিতে বর্ষীয়ান অভিনেতা বিল মারিও ছিলেন। তাঁর সঙ্গে আকর্ষণীয় ও রহস্যময়ী তরুণী স্কারলেটকে মানিয়েছিল বেশ।
তারপর একে একে ১৪টি বছর পেরিয়েছে। দর্শক-সমালোচকের মন জিতে নিয়ে স্কারলেট জোহানসন এখন বড় পর্দার এক ব্যতিক্রমী আইডল। বিজ্ঞান কল্পকাহিনিনির্ভর অ্যাকশন চলচ্চিত্রে তিনিই সম্ভবত এই প্রজন্মের নেতৃত্ব দিচ্ছেন। একসময় যে মেয়েটির অবয়ব শুধু বোকা বোকা হাসি আর লাজুক চাহনিতে সীমাবদ্ধ ছিল, তাঁরই চোখে-মুখে এখন জ্বলজ্বলে লড়াকু অভিব্যক্তির অদম্য প্রকাশ।

৩২ বছর বয়সী এই অভিনেত্রীর নতুন ছবি গোস্ট ইন দ্য শেল আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে। ব্রিটিশ পরিচালক রুপার্ট স্যান্ডার্সের এই ছবি সায়েন্স ফিকশনের ক্ল্যাসিক হিসেবে মর্যাদা পাবে কি না, বলা কঠিন। তবে এই ছবি স্কারলেট জোহানসনকে অনেক দূর এগিয়ে দেবে—এটা হলফ করে বলা যায়। তাঁর দুঃসাহসী রূপটি প্রথম দেখা যায় ২০১৩ সালে। ওই বছর আন্ডার দ্য স্ক্রিন ছবিতে তিনি ভিনগ্রহের প্রাণীর চরিত্রে অভিনয় করেন। মাংসাশী এক ভয়ংকর রূপে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়াটা তাঁর ক্যারিয়ারের জন্য নিঃসন্দেহে ঝুঁকিপূর্ণ ছিল। কারণ, গতানুগতিক ধারার অভিনেত্রীরা কমনীয় চরিত্রের প্রতিই বেশি আগ্রহী হয়ে থাকেন। শেষমেশ স্কারলেট ওই বাজিতে জিতে গিয়েছিলেন। কারণ, ছবিটিতে ওই ভয়ংকর রূপকে ছাপিয়ে তাঁর আবেদনময়ী অবয়বই বেশি প্রকাশ পেয়েছিল। গোস্ট ইন দ্য শেল ছবিতেও সম্ভবত তারই পুনরাবৃত্তি ঘটতে চলেছে। অ্যাভেঞ্জার্স সিরিজের ছবির মতোই স্কারলেট জোহানসন আবার দর্শকমন জয় করতে যাচ্ছেন।
১৯৮৪ সালের ২২ নভেম্বর ম্যানহাটনে স্কারলেট জোহানসনের জন্ম। ২০০৩ সালেই হলিউডের প্রথম সারির তারকায় পরিণত হন। গার্ল উইথ আ পার্ল ইয়ারিং ছবিটি তাঁকে অনেক খ্যাতি এনে দেয়। তারপর একে একে অভিনয় করেন ম্যাচ পয়েন্ট, স্কুপ, দ্য আদার বলিন গার্ল, হিজ জাস্ট নট দ্যাট ইনটু ইউ এবং হার ছবিতে। কমিকস চরিত্র ব্ল্যাক উইডোর রূপায়ণ করেছেন। গানও করেন তিনি। ইতিমধ্যে দুটি অ্যালবামও প্রকাশ করেছেন।
আশিস আচার্য
গার্ডিয়ান অবলম্বনে