আগামীকাল ২৯ মার্চ ঢাকাসহ সারা দেশে প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সত্য রঞ্জন রোমান্স পরিচালিত চলচ্চিত্র কষ্ট আমার দুনিয়া। নবেল কথাচিত্রের ব্যানারে এতে অভিনয় করেছেন কাজী হায়াৎ, রত্না, মিতালী, আপন চৌধুরী, আনন, ফরহাদ, ডন, সাঙ্গু পাঞ্জা, রাজু সরদার প্রমুখ।ছবির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন রিজিয়া পারভীন, পলাশ প্রমুখ।ছবি প্রসঙ্গে পরিচালক সত্য রঞ্জন রোমান্স বলেন, ‘ছবিটির গল্প শক্তিশালী। বর্তমান সময়কে ধরে গল্পটি এগিয়েছে। অন্যদিকে, ছবিটির গানগুলো ভালো ও শিল্পীদের অভিনয়ও প্রাণবন্ত।’পারিবারিক আবেগ নিয়ে ছবির গল্প। স্ত্রী, তিন ছেলে আর এক মেয়েকে নিয়ে পুলিশ কর্মকর্তার সুখের সংসার। একদিন মাদকসম্রাট ডনকে গ্রেপ্তার করে পুলিশ অফিসার। প্রতিশোধ হিসেবে ডনের লোকজন ওই পুলিশ অফিসারকে খুন করে। সুখের সংসার ভেঙে খান খান হয়ে যায়। এর পরও ডনের দলবল বসে থাকে না। ওই পরিবারের পেছনে লেগেই থাকে। একসময় মেয়েটিকেও খুন করে। তিন ছেলে আনন, ফরহাদ ও আপনের নামে মিথ্যা তথ্য দিয়ে জেলে পাঠায়। বিচারে তাদের ফাঁসির আদেশ হয়। এর মধ্যে মা মারা যায়। প্যারোলে তিন ছেলে মুক্তি পায়। মায়ের কবর দিতে এসে তিন ছেলে পালিয়ে যায়। খুঁজতে থাকে তাঁদের বাবার ও একমাত্র বোনের হত্যাকারীদের। তিন ছেলে কি তাদের বাবার হত্যাকারীদের খুঁজে পাবে? নাকি তার আগেই আবার পুলিশের হাতে ধরা পড়বে? পাঠক, আগামী শুক্রবার থেকে প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে বসে তা জানতে পারবেন।