কষ্ট, দায়িত্ব, ভয় বেড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শামীম আরা নীপা
শামীম আরা নীপা
বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী শামীম আরা নীপা। দীর্ঘ পথচলায় দেশের নৃত্যাঙ্গনকে দিয়েছেন নান্দনিক সব কাজ। দীর্ঘদিনের নৃত্যসঙ্গী শিবলী মহম্মদকে সঙ্গে নিয়ে করেছেন নাচের স্কুল ‘নৃত্যাঞ্চল’। পরিবেশনা করে দারুণ প্রশংসিত হচ্ছেন সেখানকার শিক্ষার্থীরাও। শাস্ত্রীয় নৃত্যে অবদানের জন্য এ বছর শিল্পকলায় একুশে পদক পেয়েছেন তিনি। গত সোমবার সন্ধ্যায় তাঁর বাসায় আলাপচারিতা হয় তাঁর সঙ্গে। কথা বলেন রাসেল মাহ্‌মুদ।

একুশে পদক পাওয়ার অনুভূতি জানতে চাইব না। বরং জানতে চাই, স্বীকৃতিতে শিল্পীর কী যায়-আসে?

নিজের অক্ষমতাকে বাড়িয়ে দেয়। মনে হয়, যেটুকু পেয়েছি, ততটা কি দিতে পেরেছি? পদকটি আমার কাছে অবশ্যই সম্মানের, কিন্তু সেটা তো অনেকেই পাচ্ছেন। শুধু নাচ করে যে ভালোবাসা পাই, সেটাকে রক্ষা করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। নিজের অক্ষমতা ঢাকার জন্য, নিজেকে আরও সমৃদ্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। পদক নিয়ে বাড়তি আনন্দ নেই। বরং অবস্থানটি ধরে রাখার জন্য কষ্ট, দায়িত্ব, ভয় বেড়ে গেছে।

আপনার এ স্বীকৃতিতে নৃত্যাঙ্গনের বন্ধুদের প্রতিক্রিয়া কেমন?

আমি ভীষণ ভাগ্যবতী, আমাকে বেশির ভাগ মানুষই ভালোবাসেন। আর যাঁরা নিন্দা করেন, তাঁরাও আমার জন্য আশীর্বাদ। তাঁরা যাতে কিছু বলতে না পারেন, সে জন্য নিজেকে অনেক বেশি শাণিত করতে হয়েছে আমার।

দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। রাষ্ট্রীয় সম্মাননা দায়িত্ব আরও খানিকটা বাড়িয়ে দিল। কীভাবে সেটা পালন করবেন?

পদক পাওয়ার পর সেসব নিয়ে ভাবতে শুরু করিনি। ভাবনাটা শুরু থেকেই ছিল। প্রতিদিনই যেন একটা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয় আমাকে। নতুন কাজ, রাষ্ট্রীয় অনুষ্ঠান, রাষ্ট্রীয় অতিথিদের জন্য অনুষ্ঠানের চাপ নিতে হয়। অনেকের প্রত্যাশা পূরণ করতে হয়। আমৃত্যু এ পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এতে পাস করলে টিকব, নয়তো না। তবে দেশের মৌলিক নাচগুলো সংগ্রহ করে বিশ্বের কাছে তুলে ধরার সুপ্ত বাসনা অনেক দিনের। আমার স্বপ্ন, একদিন বিদেশ থেকে বৃত্তি নিয়ে অনেকে আমাদের নাচ শিখতে আসবে।

নাচে কি আমরা নতুন কিছু করতে পারছি?

নতুন কাজ হচ্ছে। নতুনেরা করছে সেসব। একটা সময় শুধুই কপি করার প্রবণতা ছিল। এখন মানুষ অনেক সচেতন হয়েছে, মৌলিক কাজের দিকে ছুটছে। নয়তো আইডেনটিটি তৈরি হবে না। তবে দেশ ও পারিপার্শ্বিকতা নিয়ে ভাবতে হবে। নিজস্বতা না থাকলে কোনো কিছু টিকবে না।

নৃত্যগ্রাম নিয়ে কিছু বলুন। কবে চালু করার পরিকল্পনা?

স্বপ্ন তো কেউ পরিকল্পনা করে দেখে না। এটা আমার একটা স্বপ্নের ইনস্টিটিউট। একদিন দূরদূরান্ত থেকে ছেলেমেয়েরা সেখানে শিখতে আসবে। ২৪ ঘণ্টা নাচে মগ্ন থাকবে। তাতে তাদের প্রকাশটা হবে অনন্য। সেখান থেকে বছরে যদি দু-একজন শিল্পী বের হয়, তারা হবে দেশের নৃত্য অঙ্গনের সম্পদ। জানি না কবে শুরু করতে পারব।

নিজের চড়াই-উতরাইয়ের এমন একটি গল্প বলবেন, যা আগে কখনো বলেননি?

প্রচুর নাটক-সিনেমা-বিজ্ঞাপনের প্রস্তাব পেয়েছি। লাখ লাখ টাকার প্রস্তাব সেগুলো। সাড়া দিইনি। অনেক ছোটবেলায় আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে যে নাচ ছাড়া কিছুই করব না। শখের বসে দুই-একটা কাজ হয়তো করেছিলাম। অনেক সময় অনুরোধে ঢেঁকি গিলতে হয়েছে। কিন্তু এ প্রস্তাবগুলো এড়ানো ছিল নিজের সঙ্গে যুদ্ধ। সরকারি চাকরি করতে গিয়ে কতজনের চক্ষুশূল হতে হয়েছে। হয়তো ভেবেছে আমার হাত অনেক লম্বা, সবাইকে বশ করে রেখেছি। পরে অবশ্য আমার প্রয়োজনীয়তা তাঁরা বুঝেছেন।

সাক্ষাৎকারের ভিডিও দেখুন প্রথম আলোর অনলাইন সংস্করণে