কষ্ট যেমন করেছি ভালোবাসাও ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল শুক্রবার বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খান ও পাওলি দাম অভিনীত সত্তা। ৪ এপ্রিল ঢাকার স্টার সিনেপ্লেক্সে হয়ে গেল এই চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত এই ছবির উদ্বোধনী প্রদর্শনীতে উপস্থিত থাকার কথা ছিল ভারতের কলকাতার অভিনেত্রী পাওলির। কিন্তু শেষ মুহূর্তে জানা গেল, তিনি প্রিমিয়ারে উপস্থিত থাকতে পারবেন না। সোমবার সকালে ছবিটি নিয়ে কলকাতার বাসা থেকে প্রথম আলোর সঙ্গে ফোনে কথা বলেন পাওলি। সাক্ষাৎকার নিয়েছেন মনজুর কাদের
পাওলি দাম , ছবি: খালেদ সরকার
পাওলি দাম , ছবি: খালেদ সরকার

মার্চ মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে সিনেমার শুটিং করতে এসে বলেছিলেন, ‘সত্তা’র প্রচারে আবার ঢাকায় আসবেন।
অনেক ইচ্ছে ছিল। কিন্তু মাছের ঝোল নামের একটি সিনেমার শুটিং ব্যস্ততা এবং ভিসা না হওয়ার উদ্বোধনী প্রদর্শনী ও প্রচারণায় থাকা সম্ভব হয়নি।

বাংলাদেশে ‘মাটি’ নামে যে সিনেমার শুটিং করেছিলেন, সেটা কি যৌথ প্রযোজনার?
এটা কলকাতার সিনেমা। তবে গল্পে বাংলাদেশ আছে। তাই গল্পের প্রয়োজনে বাংলাদেশে শুটিং করতে হয়েছে। এই সিনেমায় আমি ইতিহাসের অধ্যাপকের চরিত্রে অভিনয় করছি। সাতক্ষীরার টাকি এলাকায়ও কয়েকটি দৃশ্যের কাজ করা হয়েছে।

‘সত্তা’ সিনেমার মুক্তিতে আপনি কতটা আনন্দিত?
ভীষণ ভালো লাগছে। দুই বছরের বেশি সময় ধরে আমরা এই সিনেমার শুটিং করেছি। খুশি হওয়ার আরেকটা কারণ হচ্ছে, ফাইনালি ছবিটির শুটিং শেষ করতে পেরেছি। আমি তো একটা পর্যায়ে ভেবেছিলাম, এই সিনেমার শুটিং শেষ হবে না। আমাদের পরিচালক কল্লোলও ভীষণ হতাশ হয়ে পড়েছিলেন। তবে পুরো সিনেমায় যত দিন শুটিং করেছি, অভিজ্ঞতা অসাধারণ। এত সুন্দর চরিত্র, এত সুন্দর গল্প। আমি খুবই আশাবাদী যে সিনেমাটা সবার ভালো লাগবে। আমরা অনেক কষ্ট যেমন করেছি, তেমনি অনেক ভালোবাসাও ছিল। বাংলা নববর্ষের মতো খুব ভালো সময়ে ছবিটি মুক্তি পাচ্ছে ভেবে আরও বেশি ভালো লাগছে।

‘সত্তা’ সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক কী?
অনেক কিছুই আছে। এই সিনেমায় শিখা (পাওলি দাম) নামের যে মেয়ের জার্নি দেখানো হয়েছে, তা আমি হুট করে বাংলাদেশের সিনেমায় দেখিনি। এটা ছাড়াও আছে একটা মিষ্টি প্রেমের গল্প। আমার কাছে এমনও মনে হয়েছে, শাকিবকে একেবারে অন্য রকম দেখা গেছে এই সিনেমায়। সত্তার মিউজিক অসাধারণ। জেমস ও মমতাজের গান তো ভাইরাল হয়ে গেছে। আর প্রতিটি গান গল্পকে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছে যে ছবিটি দেখার পর তা সবাই বুঝতে পারবেন। আরেকটা বিষয় মনে হয়েছে, সত্তা মেইন স্ট্রিম ও আর্টফিল্ম—দুই ঘরানাকে কানেক্ট করতে পারে।

‘সত্তা’ সিনেমার জন্য বাংলাদেশের অনেক জায়গায় যেতে হয়েছে। কোথায় বেশি ভালো লেগেছে?
সত্তার শুটিংয়ে অনেক সুন্দর কিছু জায়গায় গিয়েছিলাম। পুবাইলের একটা জায়গার কথা না বললেই তো। নাম জল ও জঙ্গলের কাব্য। এত সুন্দর জায়গা। তা ছাড়া যেখানে গিয়েছি দারুণ খেয়েছি। আমার সঙ্গে যে দলটি কলকাতা থেকে ঢাকায় গেছে, তারা সবাই এখনো বলে, সত্তার শুটিংয়ের সময় যে আতিথেয়তা পেয়েছে তা অতুলনীয়।

সিনেমা মুক্তির পর কি ঢাকায় আসতে পারবেন?

মাছের ঝোল সিনেমার শুটিংয়ের পর আমি দিল্লি যাব। সেখানে নতুন একটি হিন্দি সিনেমার শুটিং করব। নাম হালকা। এই সিনেমার পরিচালক নীল মাধব পাণ্ডা। উনি ভারতের জাতীয় পুরস্কারের পাশাপাশি বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। এই ছবিতে আমার সহশিল্পী রণবীর সৌরে।

বহুদিন পর আবার দর্শক আপনাকে হিন্দি সিনেমায় দেখতে পাবেন?

ভালো গল্পের অপেক্ষায় ছিলাম। এই সিনেমার গল্পটা আমার এত বেশি ভালো লাগল যে তাই রাজি হই। চরিত্রটা অসাধারণ। বস্তি মানুষের জীবনের গল্প। বস্তিবাসীদের যে আলাদা একটা সৌন্দর্য আছে, তা এই ছবিতে তুলে ধরা হবে। এটাকে ম্যাজিক রিয়ালিজম বলা যেতে পারে।

আবার হিন্দি সিনেমায় কাজ করতে যাচ্ছেন?

সে রকমই বলতে পারেন। আমার শেষ হিন্দি সিনেমার নাম ইয়ারা সিলি সিলি। অভিনয়টা আমার কাছে প্রপেশন নয়, প্যাশন। আমার যে চরিত্র, যে সিনেমায় মন থেকে অভিনয় করতে ভালো লাগবে, সেটাই আমি করব। আমাকে সিনেমা করে যেতে হবেই বলে করি না। সেটা মুম্বাইও হতে পারে, ভারতের বাইরে যেকোনো দেশের ক্ষেত্রেও হতে পারে। কিছুদিন আগে আমি চেন্নাইয়ের একটা সিনেমার শুটিং করছি। জানুয়ারিতে একটা লটের কাজ করেছি। বাকি কাজ হিন্দি সিনেমার পর করব—যেকোনো ভাষায়, যেকোনো সিনেমায়।

এবার ভিন্ন প্রসঙ্গ। অভিনেত্রী না হলে কী হতেন?

একটা সময় আমি পাইলট হতে চেয়েছিলাম। যুদ্ধবিমান চালাতে চেয়েছিলাম। যেহেতু আমি রসায়নের ছাত্রী, তাই গবেষকও হতে চেয়েছিলাম। রহস্যময় কিছু করার পরিকল্পনাও ছিল। রান্না করতে যেহেতু ভালোবাসি, শেফও হতে পারতাম।

বাবা-মা কী চেয়েছিলেন?

আমি যে অভিনয়ে এসেছি, এটা বাবা-মায়ের কারণে। আমার এত দূর আসার পেছনে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। মা চেয়েছিল, আমি অভিনেত্রী হই।