কষ্ট হলো আর কখনো 'নয়নতারা' হতে পারব না

‘খুব খারাপ লাগছে আমি আর কখনো “নয়নতারা” হতে পারব না।’ প্রথম চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’-এর সর্বশেষ খবর জানতে চাওয়ায় এভাবেই কথা শুরু করলেন অভিনেত্রী ভাবনা। বললেন, ‘অল্প কয়েক দিন আগে “ভয়ংকর সুন্দর”-এর একটা দৃশ্যে শুটিং করছিলাম। ওটাই ছিল শেষ শুটিং। তখন প্রচণ্ড মন খারাপ ছিল। নয়নতারা হয়ে সেটাই আমার শেষ কথা বলা। শেষ অভিনয়।’
গত বছর অনিমেষ আইচ শুরু করেছিলেন তাঁর দ্বিতীয় চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’-এর নির্মাণের কাজ। এই চলচ্চিত্রের মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হবে ছোট পর্দার অভিনেত্রী ভাবনার। ছবিতে তাঁর বিপরীতে কাজ করেছেন কলকাতার অভিনেতা পরমব্রত।
এই ছবিরই প্রধান চরিত্র ‘নয়নতারা’। যে চরিত্রের মধ্যে এত দিন বুঁদ হয়েছিলেন এ অভিনেত্রী। খারাপ লাগাটা এ কারণেই।
খারাপ লাগার গল্প করতে করতেই জানালেন, আগামী মাসের প্রথম দিনই আসছে ছবিটির ট্রেলার। তখনই নাকি বোঝা যাবে নয়নতারার আসল ঝলক। তবে পুরো ছবিটি দেখার জন্য দর্শকদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আপাতত সেন্সরে জমা আছে ‘ভয়ংকর সুন্দর’।