কসমসে চলছে স্বাধীন শিল্পচর্চা
দেয়ালজুড়ে শোভা পাচ্ছে নানা রকম চিত্রকর্ম। কোনোটিতে গ্রামবাংলার চিত্র, কোনোটিতে নগরের, আবার কোনোটি বিমূর্ত। মালিবাগের ‘কসমস আঁতেলিয়ার ৭১’-এর এমনই পরিবেশে বসে ছাপচিত্রের কাজ করছেন তিন শিল্পী। সেখানে চলছে ছাপচিত্রের ‘আর্টিস্ট-ইন-রেসিডেন্স কর্মসূচি’। এখানে শিল্পীদের কোনো বিশেষ ধ্যানধারণার আলোকে বা পরিকল্পনা মোতাবেক কাজ করতে হচ্ছে না। তাঁরা কাজ করছেন সম্পূর্ণ স্বাধীনভাবে—তাঁদের নিজেদের ইচ্ছায়। ‘কসমস আঁতেলিয়ার ৭১’ পরিচালিত এ কার্যক্রম সম্পর্কে এর সহকারী পরিচালক অসিত কুমার মিত্র বলেন, ‘উন্নত বিশ্বে অনেক আগে থেকেই বিভিন্ন প্রতিষ্ঠান শিল্পের নানা মাধ্যমে এ ধরনের কার্যক্রম চালিয়ে আসছে। আমাদের দেশে এ কার্যক্রমের ইতিহাসটা খুব বেশি দিনের নয়। অন্যান্য মাধ্যমে দু-একটি প্রতিষ্ঠান ইতিমধ্যে এ ধরনের কার্যক্রম চালিয়েছে। কিন্তু ছাপচিত্রে কসমস এ ধরনের একটি উদ্যোগ নিল।’ এই কার্যক্রমে কসমসের আমন্ত্রণে শিল্পী বীরেন সোম, গোলাম ফারুক ও নগরবাসি বর্মণ ৭ জানুয়ারি থেকে কাজ করছেন। ১৬ তারিখ পর্যন্ত চলবে এই কার্যক্রম। শিল্পীরা কাজ করছেন ছাপচিত্রের বিভিন্ন মাধ্যমে। আর্ট ক্যাম্পে অনিন্দ্য স্মরণবাড়ির ছাদে টবে লাগানো রকমারি ফুল ও ফলের গাছের সুদৃশ্য বাগান। কিন্তু গতকাল শুক্রবার শিল্পকর্ম সৃষ্টির সংযোগে ছাদটি পেয়েছিল ভিন্ন মাত্রা। গুলশান-২ সেকশনের ৯৬ নম্বর সড়কের ১০ নম্বর বাড়ির ছাদে দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘রুফটপ আর্ট ক্যাম্প ইন মেমোরি অব অনিন্দ্য মজুমদার’ নামের এই বিশেষ আয়োজন। দেশের ১৬ জন বিশিষ্ট চিত্রকর এতে একত্রে ছবি আঁকেন। শিল্পীরা গতকাল সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ছবি আঁকেন। এটি একটি পারিবারিক উদ্যোগ। উপলক্ষ, ওই পরিবারের প্রয়াত সদস্য শিল্পানুরাগী ও সংগ্রাহক অনিন্দ্য মজুমদারকে স্মরণ। ২০০৭ সালের ১৬ জানুয়ারি তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এরপর থেকে অনিন্দ্যের পরিবার প্রতিবছর তাঁর স্মরণে এ ধরনের আয়োজন করে থাকে।ক্যাম্পে অংশগ্রহণ করেন সমরজিৎ রায় চৌধুরী, হাশেম খান, হামিদুজ্জামান খান, কালিদাস কর্মকার, বীরেন সোম, ফরিদা জামান, অলকেশ ঘোষ, নিসার হোসেন, গৌতম চক্রবর্তী প্রমুখ।