১০০ বা ২০০ টাকার একটা টিকিট কিনে নাটক দেখে একজন অসুস্থ নাট্যকর্মীর চিকিৎসার সেবায় হাত বাড়িয়ে দিতে পারেন। মণিপুরী থিয়েটারের নিয়মিত নাট্যকর্মী লক্ষণ সিংহ প্রায় এক মাস অ্যাপেন্ডিসাইটিসজনিত জটিল অসুখে ভুগছেন। এক মাসের মধ্যে চিকিৎসক অস্ত্রোপচারের সময় বেঁধে দিয়েছেন। কিন্তু এই অস্ত্রোপচারের জন্য অর্থের প্রয়োজন। অর্থ সংগ্রহের জন্য তাঁর দল মণিপুরী থিয়েটার ঢাকায় তাদের নিয়মিত প্রযোজনা কহে বীরাঙ্গনা নাটকটি পর পর দুদিন মঞ্চায়নের তারিখ নির্ধারণ করেছে। ৭ জুন বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে এবং ৮ জুন শুক্রবার শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে সন্ধ্যা সাতটায় নাটকটির দুটি মঞ্চায়ন হবে। মণিপুরী থিয়েটারের দলপ্রধান শুভাশিস সিনহা বলেন, ‘নাট্যকর্মী ও দর্শককে অনুরোধ করছি আমাদের এই অসুস্থ নাট্যকর্মীর পাশে এসে দাঁড়ানোর জন্য। ঢাকার দুটি প্রদর্শনী থেকে টিকিট বিক্রি বাবদ যে অর্থ আসবে, তা অসুস্থ নাট্যকর্মীর চিকিৎসায় সম্পূর্ণটাই ব্যয় করা হবে। অর্থ সংগ্রহের জন্য আমরা কমলগঞ্জে আমাদের নিজস্ব স্টুডিও থিয়েটারেও বেশ কয়েকটি প্রদর্শনী করব।’মণিপুরী থিয়েটারের ভানুবিল, ইঙাল আঁধার পালা, দেবতার গ্রাস (পুরোহিত চরিত্রে) ইত্যাদি নাটকে লক্ষণ সিংহ অভিনয় করেন। কহে বীরাঙ্গনা নাটকটির সম্পাদনা ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। নাটকে চার নারীর চরিত্রে একক অভিনয় করেছেন জ্যোতি সিনহা।