কহেন গুণীজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর নাম ঘোষণা হওয়ার পর মুস্তাফা মনোয়ারকে সঙ্গে নিয়ে মঞ্চে এলেন আনিসুজ্জামান, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও স্কয়ার টয়লেট্রিজের নির্বাহী পরিচালক এম আশিকুল হক চৌধুরী। সমবেত মানুষ দাঁড়িয়ে তাঁকে অভিনন্দন জানাল। উত্তরীয়, এক লাখ টাকা কিংবা ক্রেস্টের চেয়ে অনেক বড় মানুষ মুস্তাফা মনোয়ারের মুখে তখন স্মিতহাসি। মুস্তাফা মনোয়ার পেলেন মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা ২০১২ পুরস্কার। তিনি বললেন, ‘এই অসাধারণ সম্মান পেয়ে আমি অভিভূত।’ বললেন, ‘বাংলাদেশের সাংস্কৃতিক জাগরণের যে প্রচেষ্টা, জাগরণের ধ্বনি সকলের কাছে পৌঁছে দিচ্ছে—এ আমার দৃঢ়বিশ্বাস। নানা মিডিয়ার শিল্পীকে জাতির সামনে তুলে ধরছে মেরিল-প্রথম আলো। সংস্কৃতিহীন জাতি কখনো এগিয়ে যেতে পারে না। আমাদের রবীন্দ্রনাথ আছেন, নজরুল আছেন, আমাদের তাই কোনো দৈন্য আসতেই পারে না। আমরা গর্বিত জাতি।’বাল্যবন্ধু আনিসুজ্জামানের কাছ থেকে সম্মাননা গ্রহণ করছেন তাতে তিনি আনন্দিত, সে কথা জানাতেও ভুললেন না। ৬৩ বছর ধরে বন্ধুত্ব তাঁদের। আর বাল্যবন্ধু ফাঁস করে দিলেন দর্শকের অপরিচিত একটি তথ্য, ‘মুস্তাফা মনোয়ার নানা গুণের মানুষ। তবে তাঁর একটি ত্রুটি হচ্ছে ভুলে যাওয়া। একবার নতুন গাড়ি কিনে অফিসে গিয়ে ফেরার সময় ফিরল স্কুটারে করে। একবার বউকে নিয়ে গেল নিউ মার্কেটে। ফিরে এল বউকে ছাড়াই। আশা করি, আজ মুস্তাফা মনোয়ার মেরিল ও মেরি, দুইকে নিয়েই বাড়ি ফিরবে।’মুস্তাফা মনোয়ারকে নিয়ে নাতিদীর্ঘ যে তথ্যচিত্রটি দেখানো হয়েছিল আজীবন সম্মাননা পুরস্কার ঘোষণার আগে, তাতে একটি জায়গায় দেখা গেল, হারমোনিয়াম হাতে তিনি গান করছেন—‘মনে রবে কি না রবে আমারে’। আমরা বলি, এই কীর্তিমানকে মনে না রেখে কি উপায় আছে?