কাঁচি পড়েনি 'গহীন বালুচর'-এ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গহীন বালুচর ছবির দৃশ্য
গহীন বালুচর ছবির দৃশ্য

বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র পেল নতুন সিনেমা গহীন বালুচর। ছবিটি দেখে সন্তুষ্ট সেন্সর বোর্ডের সদস্যরা গত বৃহস্পতিবার তাঁদের মতামত দেন। গতকাল রোববার বিকেলে প্রথম আলোর সঙ্গে আলাপে তেমনটাই জানান সেন্সর বোর্ডের সদস্য নাসিরউদ্দিন।

গত বছরের ১৭ ডিসেম্বর ঢাকার একটি রেস্তোরাঁয় গহীন বালুচর ছবির মহরত অনুষ্ঠিত হয়। এর কিছুদিন পর বরিশালে শুরু হয় শুটিং। টেলিভিশন নাটক বানিয়ে হাত পাকানো বদরুল আনাম সৌদের প্রথম ছবি গহীন বালুচর। বিনা কর্তনে ছাড়পত্র পাওয়ায় দারুণ আনন্দিত সৌদ বলেন, ‘এটা স্বাভাবিকভাবেই আমার জন্য খুব আনন্দের। চেষ্টা করেছি ভালো সিনেমা বানানোর। আমি চাইব, সবাই আমার সিনেমাটি দেখুক।’

সৌদ আরও বলেন, ‘আমাদের প্রথম ধাপ ছিল সিনেমা তৈরি। দ্বিতীয় ধাপ সেন্সর ছাড়পত্র পাওয়া। তৃতীয় ধাপের কাজ হচ্ছে সিনেমাটি দর্শকের কাছে নিয়ে যাওয়া। আশা করি, এই সিনেমা দর্শকেরা পছন্দ করবেন। সিনেমা হিট হলে আমাদের সবার জন্য বিষয়টি হবে আনন্দের। অমিতাভ রেজার আয়নাবাজি আমাদের জন্য দর্শক তৈরি করে দিয়েছে। আমার সিনেমা চললে সেটি পরের নির্মাতাদের জন্য দর্শক তৈরি করে দেবে।’ সপ্তাহ দুয়েকের মধ্যে ছবি মুক্তির সময় চূড়ান্ত হবে বলে জানান তিনি। সেন্সর বোর্ডের সদস্য নাসিরউদ্দিন বলেন, গহীন বালুচর খুবই ভালো লেগেছে। নতুনত্ব আছে। গল্পটা ভালো এবং গল্প বলার ধরনটাও দারুণ।

সরকারি অনুদানের গহীন বালুচর ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন নবাগত মুন, তানভীর ও নীলা। অন্য অভিনয়শিল্পীরা হলেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, আফরোজা বানু, ফজলুর রহমান বাবু, জিতু আহসান, শাহাদাৎ হোসেন, শর্মীমালা, রুনা খান, শাহান সুমী প্রমুখ।