কাঁদলেন ববিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে আমজাদ হোসনকে দেখে বেরিয়ে আসছেন ববিতা ও চম্পা। ছবি: মনজুর কাদের
হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে আমজাদ হোসনকে দেখে বেরিয়ে আসছেন ববিতা ও চম্পা। ছবি: মনজুর কাদের

ছেলের সঙ্গে চার মাস কানাডায় কাটিয়ে দুদিন হয় দেশে ফিরেছেন বাংলাদেশি চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী ববিতা। দেশে ফিরেই শুনলেন ভীষণ মন খারাপ করা খবর। গুণী নির্মাতা, অভিনয়শিল্পী, চিত্রনাট্যকার আমজাদ হোসেনের শারীরিক অসুস্থতার খবর ববিতাকে খুব বিচলিত করছিল। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকা এই গুণী মানুষটিকে একনজর দেখার জন্য ছটফট করছিলেন তিনি। এদিকে ভ্রমণক্লান্তি ববিতাকে একরকম বাসা থেকে বের হতে দিচ্ছিল না। কিন্তু আমজাদ হোসেন বলে কথা। সিদ্ধান্ত নিলেন, ভ্রমনক্লান্তি উপেক্ষা করে তাঁকে একনজর দেখতে হাসপাতাল যাবেন।

পরিকল্পনামতে আজ বুধবার বিকলে দুই বোন সুচন্দা ও চম্পাকে সঙ্গে নিয়ে তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালে আসেন ববিতা। নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সামনে যেতে না যেতেই চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি। বরেণ্য এই অভিনেত্রীর কান্নায় আশপাশের পরিবেশও ভারী হয়ে ওঠে। ববিতার কান্নায় সুচন্দা আর চম্পাও নিজেদের চোখের পানি ধরে রাখতে পারেননি।

সুচন্দা, ববিতা ও চম্পা হাসপাতালে যখন আসেন, তখন বিকেল চারটা। নিচে দেখা হয় আমজাদ হোসেনের দুই সন্তান সাজ্জাদ হোসেন দোদুল ও সোহেল আরমানের সঙ্গে। তাঁরা তিন বোনকে নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে যান। দুই সন্তানের কাছে বাবার কুশলাদি জানতে জানতে লিফটে করে পৌঁছে যান আইসিইউর সামনে। ভেতরে ঢোকার আগে দেখা হয় আমজাদ হোসেনের স্ত্রী সুরাইয়া আখতারের সঙ্গে। ববিতাকে জড়িয়ে ধরতেই কাঁদতে লাগলেন দুজনে। বাংলাদেশের বরেণ্য এই অভিনেত্রী যখন কাঁদছিলেন, পাশে ছিলেন বড় বোন সুচন্দা ও ছোট বোন চম্পা। তাঁরাও প্রিয় মানুষ আমজাদ হোসেনের এমন অসুস্থতায় আবেগ ধরে রাখতে পারেননি।

ববিতা বলেন, ‘দেশে ফিরে এমন একটি খবর পাব, আশা করিনি। আমজাদ ভাইকে যে অবস্থায় দেখলাম, তা বর্ণণা করতে পারব না। আমজাদ হোসেন বাংলাদেশে একজনই আছেন। অনেক ছবি করেছি। বিশ্বের অনেক বড় বড় উৎসবে অংশ নিয়েছে। তাঁর অনেক ছবি মাইলস্টোন হয়ে আছে। গ্রাম–বাংলাকে তিনি ছবির মাধ্যমে চিনিয়েছেন।’

ববিতা আরও বলেন, ‘আমার জীবনে যে কয়টি সিনেমা মাইলস্টোন হয়ে আছে তার মধ্যে একাধিক ছবির পরিচালক আমজাদ ভাই। কত সুখ-দুঃখের স্মৃতি আমাদের। এত দিন পর ঢাকায় ফিরে এমন একটি খবর পাব, আশাই করিনি। কোনো কিছুতেই মন বসাতে পারছি না। দেশের ও দেশের বাইরে সবার কাছে আমজাদ ভাইয়ের সুস্থতার জন্য দোয়া চাইছি।’

আমজাদ হোসেনের অনেক ছবির মধ্যে একটিতে অভিনয়ের সুযোগ হয় গুণী চিত্রনায়িকা চম্পার। ‘গোলাপী এখন ঢাকায়’ ছবির সেই প্রসঙ্গ মনে করেই এই চিত্রনায়িকা বলেন, ‘আমজাদ ভাই ছিলেন আমাদের পরিবারের সদস্যের মতোই। আমার বড় দুই বোনের সঙ্গে যখন তিনি কাজ করতেন, তখন আমি ছোট। আমাকে বলতেন, বড় হলে তোমার সঙ্গেও কাজ করব। একটিমাত্র ছবিতে অভিনয় করেছি, অনেক অতৃপ্তি রয়ে রয়ে গেছে। তিনি এমন একজন পরিচালক যিনি শিল্পীর ভেতরের বিষয়গুলো “সত্তা” ফুটিয়ে তুলতে পারতেন অসাধারণভাবে। তাঁর মধ্যে এমন কিছু গুণ আছে, যা অনেকেরই মধ্যে নাই।’

গুণী নির্মাতা আমজাদ হোসেনকে দেখতে হাসপাতালে যান সুচন্দা, ববিতা ও চম্পা। ছবি: মনজুর কাদের
গুণী নির্মাতা আমজাদ হোসেনকে দেখতে হাসপাতালে যান সুচন্দা, ববিতা ও চম্পা। ছবি: মনজুর কাদের

চলচ্চিত্রে শুরুর দিকে জহির রায়হানের সহকারী হিসেবে কাজ করতেন আমজাদ হোসেন। সেই সময়কার কথা মনে করে সুচন্দা বলেন, ‘সেই “বেহুলা” ছবির সময় থেকে আমাদের সম্পর্ক। এরপর আরও অনেক ছবিতে এই যেমন “আনোয়ারা”, “জীবন থেকে নেওয়া”, “মনের মতো মন”, “যোগ বিয়োগ”–এ আমরা একসঙ্গে কাজ করেছি। কত অসাধারণ স্মৃতি আমাদের। সুখে–দুঃখে, খেয়ে না–খেয়ে আমরা কত কাজ করেছি, তার হিসেব নেই। তাঁর মতো এত গুণী মানুষ খুব কমই আছেন। এমন একজন গুণী মানুষকে এ অবস্থায় দেখতে আসব স্বপ্নেও ভাবিনি। তিনি সুস্থ হয়ে ফিরে আসুন। তাঁর মতো চলচ্চিত্র নির্মাতা আমাদের দেশে এখনো অনেক বেশি প্রয়োজন।’

মস্তিষ্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হওয়ায় বাংলাদেশি চলচ্চিত্রের গুণী পরিচালক ও অভিনয়শিল্পী আমজাদ হোসেনকে রাজধানীর তেজগাঁওয়ে ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। গত রোববার সকালে বাসায় আমজাদ হোসেনের স্ট্রোক হয়। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে আমজাদ হোসেন চিকিৎসক শহীদুল্লাহ সবুজের তত্ত্বাবধানে আছেন। আজ বুধবার বিকেলে তিনি জানান, তাঁর শারীরিক অবস্থার উন্নতি নেই, অবনতিও নেই। গতকাল যেমন ছিল, আজও তা–ই।’

গতকাল মঙ্গলবার আমজাদ হোসেনের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসক শহীদুল্লাহ সবুজ জানিয়েছিলেন, প্রথম দিন যে অবস্থায় ভর্তি হয়েছিলেন, তার থেকে অবনতি হয়েছে। প্রয়োজনীয় ওষুধ দিয়ে তাঁর রক্তচাপ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। হাসপাতালের নিউরো মেডিসিন বিভাগের প্রধান, সার্জারি বিভাগের প্রধান, কার্ডিওলজি বিভাগের প্রধান, আইসিইউ বিভাগের প্রধানসহ ছয় সদস্যের মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এমনটা জানানো হয়।

অসুস্থতার খবর পেয়ে আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘গোলাপী এখন ট্রেনে’, সুন্দরী, ‘ভাত দে’, কসাই, ‘নয়নমণি’, ‘দুই পয়সার আলতা’, ‘জন্ম থেকে জ্বলছি’ ছবিগুলোর নাম নিলেই কাহিনিকার, চিত্রনাট্যকার ও পরিচালক আমজাদ হোসেনের ছবি চোখের সামনে ভেসে ওঠে। পরিচালনার পাশাপাশি অভিনয়েও তিনি প্রশংসিত হয়েছেন। ১৯৪২ সালের ১৪ আগস্ট জামালপুরে জন্মগ্রহণ করেন আমজাদ হোসেন। শৈশব থেকেই তাঁর সাহিত্যচর্চা শুরু। পঞ্চাশের দশকে ঢাকায় এসে সাহিত্য ও নাট্যচর্চার সঙ্গে জড়িত হন। প্রথমেই তিনি অভিনয়ে করেন মহিউদ্দিন পরিচালিত ‘তোমার আমার’ সিনেমায়। এরপর তিনি অভিনয় করেন মোস্তাফিজ পরিচালিত ‘হারানো দিন’ সিনেমায়। আমজাদ হোসেন একসময় চিত্র পরিচালক জহির রায়হানের সহকারী হিসেবে কাজ শুরু করেন। ১৯৬৭ সালে তিনি নিজেই চলচ্চিত্র নির্মাণ করেন। আমজাদ হোসেনের পরিচালনায় নির্মিত জনপ্রিয় ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘বাল্যবন্ধু’, ‘পিতা পুত্র’, ‘এই নিয়ে পৃথিবী’, ‘বাংলার মুখ’, ‘নয়নমণি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘জন্ম থেকে জ্বলছি’, ‘দুই পয়সার আলতা’, ‘সখিনার যুদ্ধ’, ‘ভাত দে’, ‘হীরামতি’, ‘প্রাণের মানুষ’, ‘কাল সকালে’, ‘গোলাপী এখন ঢাকায়’ ‘গোলাপী এখন বিলেতে’ ইত্যাদি। গুণী এই পরিচালক ‘গোলাপী এখন ট্রেনে’ এবং ‘ভাত দে’ চলচ্চিত্র নির্মাণের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বাংলা একাডেমি পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।