
তিনি শুধু ছবিই আঁকতেন না, ছবির মধ্যেই বাস করতেন। বইয়ের প্রচ্ছদ ও অঙ্গসজ্জার পাশাপাশি তেলরং ও জলরঙে আবহমান বাংলা ও বাংলার লোকজ উপাদানগুলোকে চিত্রে আধুনিক ফর্মে ফুটিয়ে তোলার জন্য কাইয়ুম চৌধুরী স্মরণীয়। শিক্ষকতা, পত্রিকার নামলিখন বা অলংকরণ, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ ইত্যাদির পরও চিত্রকর্মই ছিল তাঁর প্রধান আরাধ্য। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, বাংলার চিরকালের কৃষক, কিষানি, প্রান্তিক নারী, ষড়্ঋতু, পাখি, ফুল—এসবই ছিল চিত্রকর কাইয়ুম চৌধুরীর প্রিয় বিষয়। এ শিল্পী নেই এক বছর হতে চলল।
শিল্পীর দেহান্তর মানেই শেষ কথা নয়। শিল্পী চিরস্থায়ী হন তাঁর কাজে। বেঁচে থাকেন ভক্ত-অনুরাগীদের অন্তরে। শ্রদ্ধায়, প্রেরণায় শিল্পী কাইয়ুম চৌধুরীও সে পথের পথিক। পথিকৃৎ এই শিল্পীর স্মরণে শিল্পাঙ্গন গ্যালারি আয়োজন করেছে ড্রয়িং প্রদর্শনীর। গতকাল শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনী শুরু হয়েছে শিল্পাঙ্গনে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন চিত্রশিল্পী রফিকুন নবী, স্থপতি মুস্তাফা খালিদ, শিল্পাঙ্গন ট্রাস্টের চেয়ারপারসন রোকেয়া কাদের, গ্যালারি শিল্পাঙ্গনের পরিচালক রুমী নোমান প্রমুখ। বক্তারা বলেন, ড্রয়িংকে মনে করা হয় শিল্পীর খুব প্রাথমিক কাজ। খুব ভুলও নয় তা। কিন্তু ড্রয়িংয়ে শিল্পীর জাত চেনা যায়। চেনা যায় তার বলিষ্ঠতা। রেখার টান দেখেই শিল্পরসিকেরা বুঝতে পারেন এটা কার ছবি।
প্রদর্শনীতে প্রয়াত কাইয়ুম চৌধুরীর ৪৯টি ড্রয়িং ছাড়াও মুর্তজা বশীরের ১৬, রফিকুন নবীর ৭টি, মুস্তাফা মনোয়ারের ২টি ও সৈয়দ লুৎফুল হকের ৫টি ড্রয়িংসহ মোট ৭৮টি কাজ রয়েছে। ছবিগুলো লেখক মুস্তাফা মজিদের ব্যক্তিগত সংগ্রহ থেকে নেওয়া হয়েছে।
গ্যালারি শিল্পাঙ্গনে এ প্রদর্শনী চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।