আ খ ম হাসান, যাঁর অভিনয় দেখলেই দর্শক ফিক করে হেসে ফেলেন। আজ তাঁর অভিনীত ধারাবাহিক নাটক কবুলীয়তনামা প্রচারিত হবে এটিএন বাংলায়।হাসান কেবলই হাসান...নাটক তৈরি করা হয় দর্শকদের জন্য, তাই হাসানোই হয় বেশি। কিছু চরিত্র আছে, যেগুলোর অভিনয় দেখে কান্নাও পায়। তবে আমি কাউকে কাঁদাতে চাই না, কাঁদতেও চাই না।দুই দিনের জন্য পেশা বদল করতে বললে যে পেশা বেছে নেব...অভিনয় ছাড়া আর কিছুই করব না। তবে দুই দিনের জন্য বললে ঘরে বসে থাকব।‘কবুলীয়তনামা’ নাটকে যা করছি...সালাহউদ্দিন লাভলু পরিচালিত এ নাটকে দুটি পরিবার আছে—একটি হলো শিকদার পরিবার, অন্যটি মোল্লা পরিবার। আমি হলাম শিকদার পরিবারের ছেলে। আমাদের লড়াই মোল্লা পরিবারের সঙ্গে। আমাদের মধ্যে মারামারি লেগেই আছে। বেশ মজা পাচ্ছি অভিনয় করে।স্ত্রীর সঙ্গে অভিনয় করতে গেলে যখন ধরা পড়ি...অভিনয় করার দরকার হয় না। তবে অভিনয় করলে অধিকাংশ সময় আমার স্ত্রী ধরতে পারে না। এ ক্ষেত্রে আমি সফল বলতে পারেন। আর ধরা পড়লেও স্ত্রী হেসে ফেলে।মঞ্চে অভিনীত সবচেয়ে প্রিয় চরিত্র...সংক্রান্তি নাটকের গফুর চরিত্রটি সবচেয়ে প্রিয়। আমার মনে হয়, দর্শকের কাছেও প্রিয় চরিত্র এটি।আশা ছিল মনে মনে...আশা ছিল অভিনয় করব, অভিনয়ে সম্পৃক্ত হব—এ আশাটা পূরণ হয়েছে। আমার সৌভাগ্যই এটা। মঞ্চে অবশ্য পুরো সময় দিতে পারছি না, তার পরও আমি সন্তুষ্ট। আর আশা তো আছেই খুব ভালো একটা চরিত্রে অভিনয় করার, যা মানুষ মনে রাখবে।অভিনয়জীবনে সবচেয়ে বড় পাওয়া...মানুষের যে ভালোবাসা পেয়েছি অভিনয় করে, তা অভাবনীয়। দর্শকের আবেগ দেখে দারুণ ভালো লাগে। অভিনয় দিয়ে তাঁদের ভেতরে প্রবেশ করতে পারার ব্যাপারটি দেখে ভাবি—আমার আর চাওয়া-পাওয়ার কিছু নেই।আমি দুটি ল্যাঙ্গুয়েজে কথা বলি, বাংলা ও বডি ল্যাঙ্গুয়েজ, যেভাবে রপ্ত করলাম...এটা একদম স্বাভাবিকভাবেই চলে আসে। আরোপিত কোনো কিছু নয়। একটা চরিত্র যখন আমার ওপর ভর করে, তখন চরিত্রের প্রয়োজনে এমনিতেই হাত-পা নাড়ি। তবে ভক্তরা যখন অভিনয়ের বাইরে আমাকে খুব স্বাভাবিক অবস্থায় দেখেন, তখন বেশ বিস্মিত হন। বলেন, ‘ভাই, আপনি তো এমন নন!’ আরও মজার বিষয়, তাঁরা প্রায়ই বলেন, ‘ভাই, আপনি তো এমনিতে অনেক লম্বা!’ আমারও তা-ই মনে হয়—আমি তো অনেক লম্বা, পর্দায় কেন জানি না খাটো খাটো লাগে!আমাকে যারা সবচেয়ে ভালো বোঝে...আমার ছেলেমেয়ে আয়ান ও ওয়ারিশাই বোঝার চেষ্টা করে। ওদের একজনের বয়স সাড়ে ছয়, আরেকজনের সাড়ে চার। আমার বাসা উত্তরায়। যেদিন আমি দেরি করে ঘুম থেকে উঠি, সেদিন আমার ছেলেমেয়ে বলে, ‘বাবা, আজ কি উত্তরায় শুটিং?’মাহফুজ রহমান