সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার প্রবর্তিত ‘বঙ্গ-বিভূষণ’ সম্মাননা প্রত্যাখ্যান করেছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ পণ্ডিত রবিশঙ্কর। সম্মাননা প্রত্যাখ্যানের পেছনের কারণ বললেন রবিশঙ্করের ভাইঝি মমতা শঙ্কর।২০ মে বিশেষ এ সম্মাননা রবিশঙ্করের হাতে তুলে দিতে চেয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। এ প্রসঙ্গে তাঁর ভাই প্রখ্যাত নৃত্যশিল্পী উদয় শঙ্করের মেয়ে মমতা শঙ্করের উদ্ধৃতি দিয়ে টিওআই জানিয়েছে, ‘শুরুর দিকে পশ্চিমবঙ্গ সরকার প্রবর্তিত সর্বোচ্চ এই সম্মাননা দেওয়ার কথা ছিল শুধু সুচিত্রা সেন ও রবিশঙ্করকে। কিন্তু পরে এই সম্মাননার সঙ্গে আরও অনেকের নাম জুড়ে দেওয়া হয়।’ মমতা শঙ্কর বলেন, ‘পণ্ডিত রবিশঙ্করের মতো বর্ষীয়ান এবং গুণী শিল্পীর কাতারে যাঁদেরকে শামিল করার চেষ্টা করা হয়েছে—তাঁদের কেউ কেউ তাঁর ছাত্রেরও ছাত্র। এর মধ্য দিয়ে আমার কাকাকে এক অর্থে অপমানই করা হয়েছে।’মমতা শঙ্কর বলেন, ‘কারও প্রতি কোনো অভিযোগ না তুলে অত্যন্ত বিনয়ের সঙ্গে বঙ্গ-বিভূষণ সম্মাননা প্রত্যাখ্যান করেছেন আমার কাকা। আমি জোর গলায় বলতে পারি, তিনি ঠিক কাজটিই করেছেন।’উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকার প্রবর্তিত এ বছরের বঙ্গ-বিভূষণ পদকপ্রাপ্তদের মধ্যে রয়েছেন প্রখ্যাত অভিনয়শিল্পী সুচিত্রা সেন, চিত্র নির্মাতা গৌতম ঘোষ, চিত্রাভিনেতা রঞ্জিত মল্লিক, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও সঞ্জীব চট্টোপাধ্যায়, কবি জয় গোস্বামী, চিত্রশিল্পী যোগেন চৌধুরী, সংগীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী, হকি খেলোয়াড় লেসলি ক্লডিয়াস প্রমুখ।