কাগজের ফুল ও তারেক মাসুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের ১৩ আগস্ট সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন তারেক মাসুদ। গিয়েছিলেন মানিকগঞ্জে তাঁর পরবর্তী ছবি কাগজের ফুল-এর জন্য শুটিং লোকেশন খুঁজতে। ফেরার পথে একটি বাস তাঁকেসহ আরও পাঁচজনকে পৌঁছে দিয়েছিল না, ফেরার দেশে। কলকাতায় এই ছবিরই লোকেশন খুঁজতে গিয়েছিলেন তারেক, তাঁর সহকারী পরিচালকের সেই স্মৃতিচারণার মাধ্যমে তারেকের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধাকাগজের ফুল তখন বাক্সবন্দী হব হব করছে, কিন্তু আমরা তত দিনে প্রায় গোটা পঞ্চাশের একটা দলে দাঁড়িয়ে গেছি। তারেক ভাই বললেন, ‘আরেকটা ছবি ভেবে রেখেছি, রানওয়ে! চলো বানিয়ে ফেলি।’ মনটা খুব খারাপ হয়ে গেল। বুয়েটের সাত বছরের স্থাপত্য যাত্রা, আরও প্রায় সাত বছরের বিজ্ঞাপনী অভিজ্ঞতা ফেলে যোগ দিয়েছিলাম কাগজের ফুল-এর স্বপ্নযাত্রায়। দিনের পর দিন পার করে দিয়েছি শুধু বিলের সামনে একটা নারকেলগাছওয়ালা বাড়ির খোঁজে। ১৯৭১-এর মাটির ময়নার গোঁড়া বাবা ‘কাজী সাহেব’ ১৯৪৭-এর কাগজের ফুল-এ দ্বিতীয় বিশ্ব যুদ্ধোত্তর অবিভক্ত বাংলার কলকাতা শহরে ঘুরে বেড়ানো এক ‘স্বপ্নবান যুবক’। তাঁকে বুঝতে ছুটে বেড়িয়েছি কত নতুন জায়গায়, পড়ে ফেলেছি কত নতুন বই! প্রশ্ন এসেছে বারবার, কে এই স্বপ্নবান? চরিত্র নাকি তাঁর রূপকার? আনুর বাবা? নাকি আনু নিজেই?কলকাতায় সত্যজিৎ রায় ফিল্ম এবং টেলিভিশন ইনস্টিটিউটের (এসআরএফটিআই) একটা ফ্ল্যাটে আমাদের তখন থাকার মোটামুটি একটা ব্যবস্থা হয়েছে। তারেক ভাই ক্যাথরিনসহ প্রায়ই একসঙ্গে গিয়ে থাকি, বাজার করি, মিটিং চলে, লোকেশন দেখে বেড়াই। এর মধ্যে একবার ক্যাথরিন চলে গেলেন মুম্বাই। আমি ঢাকায়। একা ফ্ল্যাটে তারেক ভাইয়ের স্বভাবসুলভ মেজাজ সইতে না পেরে একমাত্র সহকারী কাউকে কিছু না বলে রওনা দিল ঢাকায়। মুম্বাই থেকে ক্যাথরিন জানালেন, তাঁর ফিরতে দেরি হবে। কদিন পরে যাব বলে ভিসা করাই ছিল আমার, রওনা হয়ে গেলাম। কলকাতায় পৌঁছে দেখি ছোট্ট শিশুর মতো মন খারাপ করে একা ফ্ল্যাটে বসে আছেন তারেক ভাই। পড়ার চশমা ভেঙে ফেলেছেন। ক্যাথরিন সঙ্গে সব সময় একটা বাড়তি চশমা রাখতেন, সেটাও তাঁর সঙ্গেই মুম্বাই। এদিকে কলকাতার একটা টেলিভিশন চ্যানেল থেকে বারবার ফোন আসছে একটা সরাসরি অনুষ্ঠানের জন্য। এক দিন বাদে ক্যাথরিন জরুরি ডাকযোগে চশমা পাঠালেন, শেষ মুহূর্তে কোনো রকমে রাজি করিয়ে তারেক ভাইকে নিয়ে রওনা দিলাম সরাসরি অনুষ্ঠানে।মাটির ময়না তখন কলকাতার ‘নন্দন’-এ চলছে। সরাসরি অনুষ্ঠান, একজন দর্শক ফোন করে বললেন, ‘আমি ফরিদপুর থেকে বলছি।’ তারেক ভাই খুব চমকে গেলেন। কারণ, ফরিদপুরের ভাঙ্গায় তাঁর নিজের বাড়ি। প্রশ্নকর্তা বললেন, ‘আমি এপারের (পশ্চিমবঙ্গের) ফরিদপুর থেকে বলছি। ছেলেবেলায় আমার সৌভাগ্য হয়েছিল আপনার বাবাকে শিক্ষক হিসেবে পাওয়ার। কলকাতার প্রেসিডেন্সি কলেজে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করা তাঁর মতো আর একজন শিক্ষকও ছিলেন না আমাদের স্কুলে। তিনি ছিলেন আমার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক। মাটির ময়নায় আপনি আপনার বাবার এক নির্দয় চিত্র এঁকেছেন, তাঁর প্রতি অন্যায় করেছেন।’ মঞ্চে সবাই হকচকিত...সঞ্চালক ছিলেন সন্দেশ পত্রিকার সহসম্পাদক সুজয় সোম (সত্যজিৎ রায়ের ভাগনে), সামলে নিয়ে কিছু বলার চেষ্টা করতেই তারেক ভাই থামিয়ে দিয়ে বললেন, ‘আপনার সঙ্গে দ্বিমত করব না, কিন্তু কলকাতার প্রেসিডেন্সি কলেজে ইংরেজি সাহিত্যে মাস্টার্স করা আপনাদের প্রিয় শিক্ষক কেন এত বদলে গেলেন! কী ঘটেছিল সেই স্বপ্নবান মানুষটার, যার জন্য তিনি নিজেকে এতটা গুটিয়ে নিয়েছিলেন! আমার পরবর্তী ছবিটাতে (কাগজের ফুল) আমি আমার সেই হারিয়ে যাওয়া বাবাকেই খুঁজছি।’সেই কাগজের ফুল যখন থেমে গেল, তারেক ভাইকে বলেই ছুটি নিলাম। মন খুব অস্থির, ভাবছি এ রকম একটা অসাধারণ ছবি এত দেরি কেন হবে! রাগও হলো খুব, মনে হলো আরেকটু মানিয়ে নিলেই পারতেন তারেক ভাই। তারেক ভাই হেসে বলতেন, ‘তুমি মনে করো বিষয়টা এতই সহজ! এই লোকবল তৈরি না হলে, এই নিয়মনীতি না বদলালে, দর্শক তৈরি না হলে, পরিচালক-প্রযোজক-পরিবেশক-ব্যবস্থাপনা ঠিক না হলে আমি শুধু আমার ছবি বানালেই হবে?’ এক রকম অভিমান করেই চলে এলাম, শুরু করলাম নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যছবি শুনতে কি পাও! কাজ কি আর শেষ হয়? তারেক ভাইকে গিয়ে বললাম, ‘দুই বছর হয়ে গেল, এবার যদি শেষ হয়!’ তারেক ভাই আবার হাসলেন, সান্ত্বনা দিয়ে বললেন...‘এ দেশে একজন নির্মাতার ২৫ বছর পার হয়ে যায় শুধু নির্মাতা হয়ে উঠতেই, এটা একটা অসম লড়াই, ধৈর্যের খেলা... অত ভেবো না, হয়ে যাবে।’আগস্টের ৩ তারিখে কলকাতায় গিয়ে উঠলাম স্মৃতিবহুল সেই একই ফ্ল্যাটে, সম্পাদক বন্ধু এসআরএফটিআইয়ে সম্পাদনা বিভাগে শিক্ষকতায় সবে যোগ দিয়েছে। ফ্ল্যাটটা ওর জন্যই বরাদ্দ, সেই একই রকম ফাঁকা ফাঁকা... যে রকম ছিল কাগজের ফুল-এর সময়। কাজ শুরু করলাম, আর এর মধ্যেই ঢাকা থেকে ফোন এল তারেক ভাইয়ের দুর্ঘটনার...চলে এলাম। প্রায় ছয় মাস বাদে, ফেব্রুয়ারিতে বার্লিনালের ট্যালেন্ট ক্যাম্পাসের সম্পাদনা ল্যাবে ছবিটা যখন আমন্ত্রণ জানাল, আবার শুরু হলো স্বপ্নযাত্রার। আর বারবার কানে ভেসে আসতে লাগল... ‘এটা একটা অসম লড়াই, ধৈর্যের খেলা...অত ভেবো না, হয়ে যাবে।’ স্থপতি ও চলচ্চিত্র নির্মাতা, কাগজের ফুল ছবির প্রধান সহকারী পরিচালক হিসেবে তারেক মাসুদের সঙ্গে কাজ করেছেন দুই বছর।