কাছাকাছি দুই শাকিব দুই বুবলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদের দিন ‘বসগিরি’ ছবির প্রথম শো শুরুর আগে অভিসার সিনেমা হল প্রাঙ্গণ। ছবি: প্রথম আলো
ঈদের দিন ‘বসগিরি’ ছবির প্রথম শো শুরুর আগে অভিসার সিনেমা হল প্রাঙ্গণ। ছবি: প্রথম আলো

দূরত্বটা খুব কম। কয়েক শ গজের। মতিঝিলের মধুমিতা সিনেমা হল, আর টিকাটুলির অভিসার। দুটো হলের হোর্ডিংয়েই এবারের ঈদে একই জুটির মুখ দেখা যাচ্ছে। এ জুটির নাম শাকিব খান-বুবলী। তাঁদের ছবি ‘শুটার’ ও ‘বসগিরি’ যথাক্রমে চলছে মধুমিতা ও অভিসারে। ঈদের দিনের প্রথম শো শুরুর আগে হলগুলোয় ঢুঁ মেরে দেখা গেল, শরতের অসময়ের বৃষ্টি ঈদের নতুন জুটির নতুন ছবির উত্তেজনাকে ম্লান করে দিয়েছে।

অভিসারে ঈদের দিন ‘বসগিরি’র প্রথম শো শুরু হয় দুপুর ১২টায়। সে সময় বৃষ্টি থাকায় ঈদের স্বাভাবিক দর্শক সমাগমের চেয়েও ভিড় ছিল তুলনামূলক কম। তবে টিকিট বিক্রিতে ব্যস্ত এক ব্ল্যাকার জানালেন, অন্যান্য সময়ের চেয়ে লোকসমাগম বেশি। দিন গড়ালে ভিড় আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সাধারণত ঈদুল আজহার দিন অনেকেই কোরবানির আনুষ্ঠানিকতা নিয়ে ব্যস্ত থাকেন সকাল ও দুপুরের সময়টায়। তাই হল-সংশ্লিষ্ট মানুষের মতে, কোরবানির ব্যস্ততা ও বৃষ্টি কমলেই বিকেলের মধ্যে ভরে উঠবে প্রেক্ষাগৃহ।
১২টার শো শুরু আগেই মধুমিতা হলে পৌঁছে অভিসারের মতো চিত্রই দেখা যায়। সেখানে চলছে ‘শুটার’ ছবিটি। কথা হয় মধুমিতায় ছবি দেখতে আসা এক দর্শকের সঙ্গে। নাম লাকী। একটি পোশাকের দোকানে কাজ করেন তিনি। ঈদের আগের রাত পর্যন্ত মার্কেট খোলা থাকায় গ্রামের বাড়ি যেতে পারেননি। তাই সকাল হতেই ঈ​দ উদ্‌যাপন করতে চলে এসেছেন সিনেমা হলে। তবে তাঁর কথায় দ্বিধার আঁচ পাওয়া গেল। তিনি বললেন, ‘দুই ছবিতে একই নায়ক-নায়িকা। বুঝতেছি না কোনটা দেখুম! এখনো টিকিট কাটি নাই।’ তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে জানতে চাইলেন, ‘কোনটা ভালো হইব, বলতে পারেন?’
প্রথম শো শুরুর পরপরই কথা হয় মধুমিতার চিফ অপারেটর জাহিদের সঙ্গে। তিনি বলেন, ‘দর্শক আরও বেশি হতো, যদি বৃষ্টি না থাকত। তবে এখনো (প্রথম শোয়ের সময়) দর্শক ভালোই আসছে।’