কাজ করব বেছে বেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে রবি, সোম ও মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় দেখানো হচ্ছে ধারাবাহিক নাটক মন। মনোরোগ বিশেষজ্ঞ মোহিত কামালের উপন্যাস অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন হাসিনা আহমেদ। এটি যৌথভাবে পরিচালনা করেছেন হাসিনা আহমেদ, টুকু মজনিউল ও সারওয়ার বাপী। এতে অভিনয় করেছেন দিহান। কথা হলো তাঁর সঙ্গে।‘মন’ নাটকে কবে কাজ করেছিলেন?২৬ পর্বের একটি ধারাবাহিকের কাজ শেষ করতে সময় লেগেছে প্রায় তিন বছর! প্রথম ১৩ পর্বের কাজ করার পর দেড় বছর আর কোনো খবর নেই। এরপর কয়েকটি পর্বের কাজ হলো। আবার বন্ধ। পুরো কাজটা তিন ধাপে হয়েছে। ফলে আমাদের চরিত্রের ধারাবাহিকতা ধরে রাখা খুব কঠিন হয়েছে। শুরুর দিকে যারা আমাদের ছেলেমেয়ের চরিত্রে অভিনয় করেছে, তারাও বড় হয়ে গেছে। নাটকের গল্পটি কেমন?এখানে মনস্তাত্ত্বিক কিছু ব্যাপার আছে। সবচেয়ে বড় যে ঘটনাটি তা হলো, স্বামী-স্ত্রীর সম্পর্কের টানাপোড়েন এবং সন্তানদের ওপর এর প্রভাব, সন্তানের মাদকাসক্ত হওয়া এবং পরিবার ও আশপাশের মানুষের ওপর এর প্রভাব—এই সবই রয়েছে নাটকটিতে। আমি মনে করি, নাটকটি সবার দেখা উচিত।এবার এনটিভির ‘এফএনএফ’ ধারাবাহিকের কথা বলুন।ধারাবাহিকটির পরিচালক রেদওয়ান রনি যখন আমার কাছে অভিনয়ের প্রস্তাব নিয়ে এলেন, তখন তাঁকে আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের গল্প শোনালাম। সব সময় তাঁর মধ্যে নানা ধরনের আতঙ্ক কাজ করে, আর নিজের সাজগোজের ব্যাপারে খুব সচেতন তিনি। গল্পটি রনির খুব পছন্দ হলো। তিনি ঘটনাটি নিজের মতো করে নাটকে যুক্ত করলেন। মজার ব্যাপার হলো, নাটকে সেই আত্মীয়ের চরিত্রটিতে এখন আমিই অভিনয় করছি। এখানে শুধু সাজগোজের প্রসঙ্গটি বাদ দেওয়া হয়েছে। এবার ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ পেলেন। এরপর আপনার কাজে এর কোনো প্রভাব পড়েছে?আমি পুরস্কার পেয়েছি নুরুল আলম আতিকের বিকল পাখির গান নাটকের জন্য। এর আগে বুঝে না-বুঝে, পরিচিতজনদের অনুরোধে অনেক নাটকে কাজ করেছি। কিন্তু বিকল পাখির গান নাটক আমাকে বদলে দিয়েছে। এরপর যখন পুরস্কারটি পেলাম, তখন সিদ্ধান্ত নিয়েছি, এখন কাজ করব বেছে বেছে এবং খুব ভেবেচিন্তে। সেটাই করছি।