কাজ করলেই হিট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যাম স্মিথ
স্যাম স্মিথ

আপাতদৃষ্টে স্যাম কিন্তু গা ঢাকা দিয়েই থাকেন? মনে হয়, কাজটাজ কম বলে আলোচনায় নেই। অথচ ছয়বার গ্র্যামি আওয়ার্ড জিতেছেন তিনি। ২০১৫ সালে জেমস বন্ডের স্পেকট্রা ছবির জন্য তাঁর থিম সং ‘রাইটিং অন দ্য ওয়াল’ সে বছর ইউকে টপ চার্টের প্রথমে চলে আসে। এ বছর আরও একটি টপ চার্ট গান নিয়ে ফিরেছেন ব্রিটিশ কণ্ঠশিল্পী স্যাম স্মিথ। ‘টু গুড অ্যাট গুডবাই’ গানটি মুক্তি পায় গত শুক্রবার। সপ্তাহের মাঝামাঝি সেটা চলে আসে টপ চার্টের এক নম্বরে। এটি অবশ্য পুরোনো অভ্যাস। স্যাম কিছু করলেই সেটা হিট হয়ে যায়।
নতুন এই গানটি সম্পর্কে একটু ধারণা দিয়েছিলেন স্যাম। গানটি শুনে মনে হয়েছে, অভিমানী এক প্রেমিকের সংলাপ। প্রকাশের আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, একেবারে নিজের জীবনের কথা এগুলো। মানে জীবন থেকে নেওয়া। একটা প্রেম ছিল, সেখানেই ঘটেছে ঘটনাটি। তবে নতুন অ্যালবামের সব গান কিন্তু ওই একজনকে ঘিরেই নয়। চারটি গান আমার জীবনের কাহিনি নিয়ে, বাকিগুলো অন্য ঘটনার ওপর ভিত্তি করে।
অ্যালবামটি নিয়ে বেশি কথা বলতে চাননি স্যাম, চেয়েছেন লোকে গানগুলো শুনুক। এমনকি অ্যালবামের নামটা পর্যন্ত বলেননি। শুধু বলেছেন, নতুন গানগুলো করা আমার জন্য ছিল চ্যালেঞ্জের ব্যাপার। এও জানিয়েছেন, বড়দিনের আগে আগে বাজারে ছাড়া হবে অ্যালবামটি। এর একটি সংস্করণে ১০টি গান এবং অন্য সংস্করণে থাকবে ১৪টি গান। অ্যালবামটিতে নাকি একটি দ্বৈত কণ্ঠের গানও থাকবে। কিন্তু কে সেই শিল্পী, যার সঙ্গে কণ্ঠ মিলিয়ে গেয়েছেন স্যাম? বলেননি। অ্যালবামের প্রচারণার জন্য এ মাসেই বেশ কয়েকটি কনসার্টে গাইবেন তিনি। গত বছর এক সাক্ষাৎকারে স্যাম বলে রেখেছিলেন, পরের অ্যালবামটি হবে একেবারেই ব্যক্তিগত আবেগ-অনুভূতি ঘিরে। নতুন অ্যালবামের গানগুলোর প্রতিটি পঙ্ক্তি নাকি তাঁর হৃদয় থেকে উৎসারিত।
২০১৫ সালে অস্কার জেতার পর স্যামের প্রতি আগ্রহ ও প্রত্যাশা বেড়ে গিয়েছিল ইংরেজি গানের ভক্তদের—না জানি কী নিয়ে ফিরবেন এই শিল্পী। ইতিমধ্যে কাজ দিয়ে নজির সৃষ্টি করেছেন তিনি। ইউটিউবে বেরিয়েছে নতুন গানটির লিরিক ভিডিও। আশা করা যাচ্ছে, এ অ্যালবামও তাঁকে কিছু না কিছু দেবে। রোলিং স্টোন অবলম্বনে