কাজ থামবে না, শুধু পলই থেমে গেলেন!

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গত ৩০ নভেম্বর নিহত হয়েছেন ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ ছবির ব্রায়ান ও’কনার চরিত্র রূপদানকারী অভিনেতা পল ওয়াকার। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছেন ছবির দলের সব সদস্য। পলের অনুপস্থিতিতে ছবিটির কাজ থেমে যাবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে সম্প্রতি পরিচালক জেমস ওয়ান জানিয়েছেন, পলকে ছাড়াই ছবিটির কাজ শেষ করবেন তিনি।
এ প্রসঙ্গে জেমস ওয়ানের উদ্ধৃতি দিয়ে টিএমজির এক খবরে বলা হয়েছে, পলের মৃত্যুতে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবাই প্রচণ্ড ভেঙে পড়লেও বুকে পাথর চেপে ছবিটির কাজ শেষ করবেন তাঁরা। ছবিটির কাজ বন্ধ করে দেওয়ার কোনো রকম পরিকল্পনা নেই বলেই নিশ্চিত করেছেন এর পরিচালক।
অবশ্য ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র রূপদানকারী পলের অনুপস্থিতিতে ছবিটির কাজ কীভাবে শেষ করবেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি জেমস ওয়ান। সম্ভাব্য দুটি উপায়ে ছবিটির কাজ শেষ করা যেতে পারে। প্রথমত, পল যতটুকু অংশের শুটিং শেষ করেছিলেন সেটুকু রেখে ব্রায়ান ও’কনার চরিত্রের ইতি টানা। দ্বিতীয়ত, ব্রায়ান ও’কনার চরিত্রটিকে বাদ দিয়ে পুরো ছবির কাহিনি সাজিয়ে পুনরায় শুটিং শুরু করা।
যে উপায়ই অবলম্বন করা হোক না কেন, ছবির কাহিনি ও চিত্রনাট্যে বিশাল পরিবর্তন আনতে হবে। ছবিটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছিল ২০১৪ সালের ১১ জুলাই। কিন্তু শেষ পর্যন্ত মুক্তির তারিখ যে অনেকটাই পিছিয়ে যাবে তা একরকম নিশ্চিত।
একটি দাতব্য অনুষ্ঠান থেকে ফেরার পথে ৩০ নভেম্বর বিকেলে লস অ্যাঞ্জেলেসে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন পল। সে সময় গাড়ি চালাচ্ছিলেন তাঁর বন্ধু রজার রোডাস। হঠাত্ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে লাইট পোস্ট ও গাছের সঙ্গে গাড়িটি ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে গাড়িটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই বন্ধু রজারের সঙ্গে নিহত হন ৪০ বছর বয়সী পল ওয়াকার।
সাবেক প্রেমিকা রেবেকো ম্যাকব্রেইনের সঙ্গে একটি কন্যাসন্তান আছে পলের। তাঁদের মেয়ে মিডো রেইনের বয়স ১৫ বছর।
তুমুল জনপ্রিয় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের সপ্তম ছবিতে ব্রায়ান ও’কনার চরিত্রে অভিনয় করছিলেন পল ওয়াকার। অ্যাকশন ঘরানার ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ ছবিটির পরিচালক জেমস ওয়ান। এর বিভিন্ন চরিত্রে রয়েছেন ভিন ডিজেল, ডোয়েন জনসন, জেসন স্ট্যাথাম, কার্ট রাসেল প্রমুখ। ২০১৪ সালের ১১ জুলাই ভিন ডিজেল ও নিল মরিটজ প্রযোজিত ছবিটি মুক্তি পাওয়ার কথা থাকলেও পলের মৃত্যুর পর মুক্তির তারিখ অনিশ্চিত হয়ে পড়েছে।