কাজ থেকে ছুটি নেবেন রিয়ান্না
‘ডায়মন্ডস’ ট্যুর নিয়ে বড় ব্যস্ত সময়ই পেরোচ্ছেন পপ গায়িকা রিয়ান্না। খানিকটা ক্লান্তও বটে, তাই এ ট্যুরটির শেষে লম্বা এক বিরতির পরিকল্পনা তাঁর। অন্তত এক বছর কাজের ব্যস্ততা থেকে ছুটি নেবেন তিনি।২০১৩ সাল শুরু হওয়ার পর তিন মাসও পেরোয়নি। এই অল্প সময়ে রিয়ান্নার অর্জন নেহাত কম নয়। গ্র্যামি পুরস্কার ঝুলিতে ভরার পাশাপাশি উপহার দিয়েছেন দুই দুইটি জনপ্রিয় গান। শুরু করেছেন পোশাকের ব্যবসা। এরমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে তাঁর ডায়মন্ডস ট্যুর। জানিয়েছে হাফিংটন পোস্ট। এ ছাড়া, গত সাত বছরে সাতটি গানের অ্যালবাম উপহার দিয়েছেন ২৫ বছর বয়সী এ গায়িকা। প্রতিটি অ্যালবামই দারুণ জনপ্রিয়তা পেয়েছে। ২০০৫ সালে প্রকাশিত হয়েছিল রিয়ান্নার প্রথম অ্যালবাম ‘মিউজিক অব দ্য সান’। এরপর একে একে উপহার দিয়েছেন আরও ছয়টি সফল অ্যালবাম। গানের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন রিয়ান্না। রিয়ান্নার এই সাফল্য এমনিতেই আসেনি। এর পেছনে তাঁকে প্রচুর সময় ও শ্রম ব্যয় করতে হয়েছে। টানা কয়েক বছর অক্লান্ত পরিশ্রমের পর এবার একটু স্বস্তির শ্বাস নিতে চান তিনি। মূলত এ কারণেই কাজ থেকে সাময়িক বিরতি টানার সিদ্ধান্ত নিয়েছেন এ তারকা সংগীতশিল্পী।