দেশে এখন টেলিভিশনের জন্য পুরুষদের পাশাপাশি অনেক নারীই নাটক, টেলিছবি ও অনুষ্ঠান তৈরি করছেন। মঞ্চে নাটকের নির্দেশনা দিচ্ছেন। শুধু নারী হিসেবে আলাদা করে নয়, কাজ দিয়েই নিজেদের অবস্থান তৈরি করেছেন তাঁরা। কিন্তু এ কাজগুলো তাঁরা কতটা স্বাভাবিকভাবে করতে পারছেন? কখনো বাধার মুখোমুখি হতে হয়েছে? বা অন্যদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন?—এমনই কিছু প্রশ্ন ছিল কয়েকজন নির্মাতার কাছে।সারা যাকের মতে, ‘বাধার মুখোমুখি যে হতে হয় না, সেটা বলব না। এখানে অভিজ্ঞতা বড় ব্যাপার। যদি পারিপার্শ্বিক অবস্থা নিজের নিয়ন্ত্রণে আনা যায়, তাহলে যেকোনো সীমাবদ্ধতা অতিক্রম করা সম্ভব।’মঞ্চে নাগরিক নাট্যাঙ্গনের মোট প্রযোজনার সংখ্যা ১৮টি। এর মধ্যে ১২টির নির্দেশনা দিয়েছেন লাকী ইনাম। আর টিভি নাটক তো আছেই। বললেন, ‘এই মাধ্যমে কাজ করার জন্য সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, তা হলো শিক্ষা। সঙ্গে আত্মবিশ্বাস আর ব্যক্তিত্ব যদি ধরে রাখা সম্ভব হয়, তাহলে কোনো সমস্যাই হয় না।’আমাদের কথা ম্যাগাজিন অনুষ্ঠান পরিচালনার মধ্য দিয়ে নির্মাণকাজ শুরু করেন নিমা রহমান। এরপর রান্না, স্বাস্থ্য, রূপসজ্জার ওপর অনেকগুলো অনুষ্ঠান এবং নাটক ও টেলিছবি তৈরি করেছেন তিনি। বললেন, ‘শুরুর দিকে সমস্যা ছিল কম। দিন যত যাচ্ছে, সমস্যা ততই বাড়ছে। এই মাধ্যমে মেধা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আর পেশাদারির ব্যাপারটাও এখানে গড়ে ওঠেনি।’এক ঘণ্টার নাটক ও টেলিছবির পাশাপাশি ধারাবাহিক তৈরি করেছেন সুবর্ণা মুস্তাফা। তিনি বললেন, ‘অনেকেই বলেন নারী-নির্মাতা। এই কথাটাতে আমার যত আপত্তি। আর নাটকের সঙ্গে সংশ্লিষ্ট সবার কাছ থেকে আমি সব সময়ই সহযোগিতা পাচ্ছি। পরিচালনার কাজটা করার সময় অনেক বেশি ধৈর্যশক্তি থাকতে হয়। কারণ সবকিছু পরিচালকের ওপর নির্ভর করে।’এখন আসা যাক এ প্রজন্মের নির্মাতাদের কথায়। টেলিছবি ও নাটক মিলিয়ে শাহনেওয়াজ কাকলীর কাজের সংখ্যা নয়টি। এর আগে ৩০টি বিজ্ঞাপনচিত্রের শিল্পনির্দেশনা দিয়েছেন। বললেন, ‘সুবিধা ও অসুবিধাগুলো আপেক্ষিক। আমি সাধারণত গ্রামের দিকে কাজ করি। ওখানে আমাকে দেখে সবাই খুব অবাক হয়। অনেককেই বলতে শুনেছি, মেয়েটা ছেলেদের মতো কাজ করছে।’মাতিয়া বানু শুকু নাটক লেখার পাশাপাশি পরিচালনাও করছেন। এখন এনটিভিতে প্রচারিত হচ্ছে তাঁর পরিচালনায় ধারাবাহিক নাটক একটা কিনলে একটা ফ্রি। এ নাটকটির কাজের অভিজ্ঞতার কথা বললেন এভাবে, ‘তখন আমি চার মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। এই ব্যাপারটা আমার স্বামী নুরুল আলম আতিক ছাড়া আর কেউই জানত না। ধারাবাহিকটির অনেক কাজ হয়েছিল পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায়। ওই অবস্থাতেই আমরা পাহাড়ে উঠেছি, নদীতে নেমেছি—শুটিংয়ে কোনো রকম আপস করিনি।’সম্প্রতি শেষ হলো হূদি হকের নাইন্টিন টুয়েন্টি ধারাবাহিকটির প্রচার। বললেন, ‘নারী কিংবা পুরুষ আলাদা করে ভাবি না। মানুষ হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করাটাই মূল লক্ষ্য হওয়া উচিত।’