কাজ শুরু হলো সামারার
দ্য স্টোরি অব সামারা’র শুটিং শুরু হয়েছে। রাজধানীর শাহবাগে টেনিস ফেডারেশনসহ বেশ কিছু মনোরম লোকেশনে গানের চিত্রায়ণের মাধ্যমে শুরু হয়েছে এই শুটিং।
শুটিংয়ে অংশ নিয়েছেন সিবা আলী খান, সাঞ্জু, আমান খান ও পিয়া। ‘তোমার সামনে ঘুরি’ শিরোনামের গানটি দিয়ে শুটিং শুরু হয়েছে বলে জানিয়েছেন এর পরিচালক রিকিয়া মাসুদ। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আলাউদ্দিন আলী।
শুটিংয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে এ ছবির নায়িকা সিবা আলী খান বলেন, ‘খুবই মজা করেছি। এটা আমার প্রথম চলচ্চিত্র। এর আগে নাটকে অভিনয়ের অভিজ্ঞতা থাকলেও চলচ্চিত্রে এই প্রথম। সুতরাং কিছুটা অন্যরকম অনুভূতি ছিল।’
ছবির নায়ক সাঞ্জু বলেন, ‘ভালো লেগেছে। পরিচালকের কাজ বেশ ব্যতিক্রম মনে হয়েছে। উনি জাপানে ছবি বানিয়ে এসেছেন এর আগে। তাঁর কাছ থেকে কিছুটা ব্যতিক্রমী নির্দেশনা আশা করেছিলাম। তা পেয়েছি।’
একই কথা বললেন পিয়া ও আমান। তাঁদের মতে, ছবির শুরুটা খুব সুন্দরভাবে হয়েছে। এভাবে এগোতে থাকলে দর্শক শিগগিরই ছবিটি প্রেক্ষাগৃহে দেখতে পাবেন।
পরিচালক রিকিয়া বলেন, ‘টানা শুটিং করে এ ছবির কাজ শেষ করতে চাই। গান দিয়ে চিত্রায়ণ শুরু করেছি। ঢাকায় কিছু ইনডোরে কাজ করব। তারপর ঢাকার বাইরে রাঙামাটি ও কক্সবাজার যাব। আশা করছি আগামী এক মাসের মধ্যে এই ছবির শতভাগ শুটিং শেষ হয়ে যাবে।’ তিনি আরো বলেন, ‘কিছু সিনিয়র শিল্পীও রয়েছেন এই ছবিতে। তাঁদের শিডিউল নেয়া রয়েছে। টানা কাজ শেষ করে পোস্ট প্রোডাকশনের কাজে বসব।’
‘দ্য স্টোরি অব সামারা’য় আরও অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, কাবিলা প্রমুখ। সায়েন্স ফিকশন এই চলচ্চিত্রে ভিনগ্রহ সামারা থেকে কিছু বুদ্ধিমান প্রাণী আসে পৃথিবীতে। খুঁজতে থাকে বিশেষ ক্ষমতার পাঁচজন তরুণ-তরুণীকে।