কাজটি ঠিকঠাক করতে পারব তো! : সারিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনেক ‘প্রথম’ সঙ্গী করেই জীবন কাটাতে হয়। নিতে হয় অভিজ্ঞতা। তারকাদের জীবনেও এমন প্রথম অভিজ্ঞতা রয়েছে। তাঁদের এমন প্রথম পাঁচটি অভিজ্ঞতা নিয়েই ‘প্রথম পাঁচ’।
খুব লজ্জা মিশ্রিত অনুভূতি নিয়ে প্রথম অটোগ্রাফ দিয়েছিলেন সারিকা
খুব লজ্জা মিশ্রিত অনুভূতি নিয়ে প্রথম অটোগ্রাফ দিয়েছিলেন সারিকা

প্রথম প্রেম
আমি তখন ধানমন্ডি টিউটোরিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। একই ক্লাসের একটি ছেলের সঙ্গে আমার ভালো বন্ধুত্ব হয়েছিল। ছেলেটির নাম এখন আর নাই-ই বা বলি। দুজন দুজনকে পছন্দ করতাম। পুরো বিষয়টি এখন খুলে বলা ঠিক হবে না। ছেলেটি এখন বিয়ে করে দেশের বাইরে চলে গেছে। আমারও বিয়ে হয়ে গেছে। তবে মাঝেমধ্যে স্কুলবেলার সেই দিনগুলোর কথা মনে পড়ে। মনে পড়লে হাসিও পায়।
প্রথম ক্যামেরার সামনে
একটি ইলেকট্রিক পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের ফটোশুটের এক সপ্তাহ পরেই প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলাম। সেটা ছিল গাজী শুভ্রের একটি বিজ্ঞাপন। ২০০৬ সালের আগস্ট মাসের কথা। গাজী ভবনেই শুটিং হয়েছিল। বিজ্ঞাপনটি ছিল মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের। মজার ব্যাপার হলো, প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়াতে আমার একটুও ভয় লাগেনি। বরং ওই দিন আমি কাজটা উপভোগ করেছিলাম। অথচ তিন বছর পর এবার নাটকে অভিনয় করতে গিয়ে সেই প্রথম দিন ক্যামেরার সামনে দাঁড়ানোর অনুভূতি হয়েছে। ভয়ে ছিলাম, কাজটি ঠিকঠাক করতে পারব তো!

প্রথম অটোগ্রাফ দেওয়ার অভিজ্ঞতা
তখন আমি কোনো আলোচিত তারকা না। সবে মাত্র কয়েকটি পণ্যের বিলবোর্ডের মডেল হয়েছি। আমাকে তেমন কেউ একটা চেনেও না। ফারুকী (মোস্তফা সরয়ার ফারুকী) ভাইয়ের একটি বিজ্ঞাপনের শুটিং করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শুটিংয়ের ফাঁকে একটি ছেলে এসে আমার অটোগ্রাফ চাইল। আমি তো লজ্জায় পড়ে গেলাম। এদিক-ওদিক তাকাচ্ছি, কেউ দেখল কি না। আবার ভেতরে-ভেতরে খুশিও লাগছিল। মনে মনে ভাবি, তাহলে কি তারকা হয়ে গেলাম! খুশি, লজ্জামিশ্রিত অনুভূতি নিয়ে সেদিন প্রথম অটোগ্রাফ দিয়েছিলাম। তবে অটোগ্রাফে ছেলেটিকে কী লিখেছিলাম, ভুলে গেছি।

প্রথম পারিশ্রমিক
২০০৫ সালের ঘটনা। আমি তখন সপ্তম শ্রেণিতে পড়ি। সে সময় আমার এক পরিচিত ভাবির প্লে গ্রুপে পড়া বাচ্চাকে কিছুদিন পড়িয়েছিলাম। সে জন্য আমাকে দুই হাজার টাকা দিয়েছিলেন ভাবি। আমি টাকাটি মায়ের হাতে তুলে দিয়েছিলাম। মা টাকাগুলো খামে ভরে স্মৃতিস্বরূপ এখনো সযত্নে রেখে দিয়েছেন। এরপর ২০০৬ সালে মিডিয়াতে প্রথম কাজ শুরু করি। সে সময় একটি ইলেকট্রনিক পণ্যর মডেল হয়ে প্রথম পারিশ্রমিক হিসেবে ১০ হাজার টাকা পেয়েছিলাম। ওই টাকা বন্ধুবান্ধব মিলে শপিং করে, খেয়েদেয়ে শেষ করেছিলাম।

প্রথম বই পড়ার অভিজ্ঞতা
ছোটবেলা থেকেই গল্পের বই পড়ার প্রতি আগ্রহ কম। স্কুলে পাঠ্যসূচিতে শেক্সপিয়ারের অনেক গল্প ছিল। সে সময় ম্যাকবেথ, জুলিয়াস সিজার, রোমিও জুলিয়েটসহ শেক্সপিয়ারের একাধিক নাটক গল্পের মতো করে পড়া হয়েছে। এ ছাড়া হুেমায়ূন আহমেদের হলুদ হিমু কালো র্যা ব বইটি পড়েছি। এরপরও বেশ কিছু বই পড়েছি। তবে বেশির ভাগ বই পুরোটা পড়া হয়নি।
অনুলিখন: শফিক আল মামুন