চলচ্চিত্রটির নাম কাজলের দিনরাত্রি। কাহিনি লিখেছেন কাজলের ছোট ভাই মুহম্মদ জাফর ইকবাল। আর ২৯ নভেম্বর সন্ধে সাড়ে ছয়টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে সেই চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করলেন কাজলের মা আয়েশা ফয়েজ।এসব দেখেশুনে মনে হলো চলচ্চিত্রটি বুঝি হুমায়ূন আহমেদের ছেলেবেলাকেন্দ্রিক। কারণ, ছেলেবেলায় হুমায়ূন আহমেদের নাম ছিল কাজল। কিন্তু চলচ্চিত্রটির ট্রেইলার দেখা শেষ হলে বোঝা গেল, ব্যাপারটা আসলে তা নয়। কেবল নাম ছাড়া এই চলচ্চিত্রের আর কোথাও হুমায়ূন আহমেদ নেই। এটি মূলত মুহম্মদ জাফর ইকবালের কিশোর উপন্যাস কাজলের দিনরাত্রির চলচ্চিত্রায়ন। জাতীয় অনুদানে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন তরুণ পরিচালক সজল খালেদ। তাঁর সঙ্গে সিনেমাটোগ্রাফিতে ছিলেন চিত্রগ্রাহক আনোয়ার হোসেন, গান লিখেছেন কবির বকুল আর সংগীত পরিচালনা করেছেন লাকী আকন্দ। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আল মনসুর, তারিন, ইরেশ যাকের, শামীম শাহেদ, ঝুনা চৌধুরী। সঙ্গে আছে বেশ কজন শিশুশিল্পী। কাজলের নাম ভূমিকায় অভিনয় করেছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্কুল অ্যান্ড কলেজে দশম শ্রেণী পড়ুয়া আশেক হোসেন।‘চলচ্চিত্রটির ট্রেইলার দেখে আপনার কেমন লাগল?’—প্রশ্ন রেখেছিলাম আয়েশা ফয়েজের কাছে। জবাবে তিনি বললেন, ‘এই ছবির কাহিনিকার আমার মেজো ছেলে আর ছবিটির প্রধান চরিত্রের সঙ্গে মিশে আছে আমার বড় ছেলের নাম। তাই ছবিটি নিয়ে আমার আবেগ থাকা স্বাভাবিক। আমি বেশ আগ্রহ নিয়ে ট্রেইলার দেখেছি। আমার মনে হয়েছে, পরিচালক বেশ যত্নের সঙ্গে ছবিটি বানিয়েছেন।’আয়েশা ফয়েজের এমন মন্তব্যের পর সোজা চলে যাই চলচ্চিত্রটির পরিচালক সজল খালেদের কাছে। জানতে চাই, কাজলের দিনরাত্রির প্রতিটি দৃশ্যায়নে যে যত্নের ছাপ লক্ষ করা যাচ্ছে তার পেছনের গল্প। ‘যেকোনো চলচ্চিত্র নির্মাণ একটি সম্মিলিত কাজ, যাকে বলে টিমওয়ার্ক...।’ কথা শুরু করলেন তিনি। ‘অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে আমার টিমের সবাই তাঁদের মেধা ও শ্রমের সর্বোচ্চ ঢেলে দিয়েছেন বলেই কাজলের দিনরাত্রি দৃষ্টিনন্দন হয়েছে।’ বোঝা গেল, একই সঙ্গে বিনয়ী এবং স্পষ্টভাষী এই পরিচালক। কথায় কথায় আলাপ জমে উঠল তাঁর সঙ্গে। ‘সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চে প্রেক্ষাগৃহে আসবে ছবিটি।’ জানালেন তিনি। সেই সঙ্গে জানালেন কাজলের দিনরাত্রি ঘিরে তাঁর আগাম ভাবনা, ‘সারা দেশের বিভিন্ন স্কুলে শিশুদের জন্য বিনা মূল্যে ছবিটি দেখানোর ইচ্ছা আছে আমার।’আমাদের আলাপের কোন ফাঁকে পাশে এসে দাঁড়িয়েছে কাজল, মানে কাজলের ভূমিকায় অভিনয় করা আশেক হোসেন। সুযোগ বুঝে তাই সরাসরি তার কাছে জানতে চাই কাজলের দিনরাত্রিতে অভিনয় অভিজ্ঞতা সম্পর্কে। ‘ঢাকা ও সিলেটে শুটিং করেছি আমরা। অনেক মজা করেছি...অনেক! বলে বোঝানো যাবে না। ছবিটা দেখলেই বুঝবেন।’ এক ঝটকায় হড়বড় করে কথাগুলো বলেই দে ছুট। ওদিকে প্রথম আলোর আলোকচিত্রী খালেদ সরকার ততক্ষণে শুরু করেছেন ফটোসেশন। ছুটে গিয়ে সেখানেই শামিল হলো আশেক।