কাজান চলচ্চিত্র উত্সবে ‘অপেক্ষা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজান চলচ্চিত্র উত্সবে আবু সাইয়ীদ পরিচালিত ‘অপেক্ষা’ ছবিটি প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। ৬ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার কাজান শহরে এ উত্সব অনুষ্ঠিত হবে। পুরো উত্সবে ৩২টি দেশের ১২৬টি ছবি প্রদর্শিত হবে। প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচিত হয়েছে ১৫টি ছবি।উত্সবে শ্রেষ্ঠ ছবি, শ্রেষ্ঠ পরিচালকসহ সাতটি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। উত্সব কর্তৃপক্ষের আমন্ত্রণে ছবির পরিচালক আবু সাইয়ীদ কাজান যাচ্ছেন।‘অপেক্ষা’ ছবির কাহিনিতে দেখা যায়, রবিউল ও রঞ্জু বাংলাদেশের ভিন্ন দুই জেলায় অবস্থিত দুই পরিবারের দুই সদস্য। ২৮ বছরের রবিউল ঢাকায় থাকে। পরিবারে একমাত্র দাদি ছাড়া তাঁর কেউ নেই। দাদি থাকেন গ্রামের বাড়িতে। তিনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন।অন্যদিকে ২৩ বছর বয়সী রঞ্জু ইসলামি জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত। তারই ছোড়া বোমায় অন্য অনেকের সঙ্গে রবিউলও মারা যায়। ঘটনার কয়েক দিন পর রঞ্জুর খোঁজে বাড়িতে পুলিশ হানা দেয়। মা-বাবা তখন জানতে পারেন, তাঁদের সন্তান ইসলামি জঙ্গি সংগঠনের সদস্য এবং দেড় মাস আগে ঢাকায় যে বোমাবাজি হয়, এর সঙ্গে রঞ্জুর সম্পৃক্ত। এদিকে স্মৃতিশক্তি হারিয়ে ফেলায় দাদি রবিউলের মৃত্যুর কথা ভুলে যায়। একমাত্র নাতি রবিউলের জন্য অপেক্ষা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। তিনি শুধু চিঠি লিখেই ক্ষান্ত হন না। দিনের পর দিন বাসস্ট্যান্ডে গিয়ে রবিউলের জন্য অপেক্ষা করেন। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে ‘অপেক্ষা’ চলচ্চিত্রের গল্প এগোতে থাকে।চলচ্চিত্রে অভিনয় করেছেন মিরানা জামান, জয়ন্ত চট্টোপাধ্যায়, তিনু করিম, উজ্জ্বল মাহমুদ, মিঠু বর্মণ, আহসানুল হক মিনু প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে আঙ্গিক কমিউনিকেশনস।