কাজী আরিফকে শেষ শ্রদ্ধা, দাফন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে গার্ড অব অর্নার দেয়া হচ্ছে ছবি প্রথম আলো
ঢাকা জেলা প্রশাসকের পক্ষ থেকে গার্ড অব অর্নার দেয়া হচ্ছে ছবি প্রথম আলো

কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা আবৃত্তিশিল্পী কাজী আরিফের মরদেহে শেষ শ্রদ্ধা এবং গার্ড অব অনার প্রদান শেষ হয়েছে। আগামীকাল বেলা ৩টায় তাঁকে দাফন করা হবে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিযোদ্ধা কবরস্থানে। দাফনের আগ পর্যন্ত তাঁর মরদেহ বিশেষ ব্যবস্থায় রাখা হবে ধানমন্ডিতে মেয়ের বাসায়।
এর আগে কাজী আরিফের মরদেহবাহী বিমান আজ সকাল পৌনে ৯টায় ঢাকার হয়রত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। সেখানে তাঁর মরদেহ গ্রহণ করে পরিবারের সদস্যরা। কেন্দ্রীয় শহীদ মিনারে কাজী আরিফের মরদেহ দুপুর ১টা পর্যন্ত সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এখানে মুক্তিযোদ্ধা কাজী আরিফকে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হয় ঢাকা জেলার জ্যেষ্ঠ ম্যাজিস্ট্রেট রবীন্দ্র চাকমা।
আজ শহীদ মিনারে কাজ আরিফকে শেষবারের মতো বিদায় জানাতে শহীদ মিনারে উপস্থিত হয়েছেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক হাসান আরিফ, গণসংগীত শিল্পী ফকির আলমগীর, আবৃত্তিকার শিমুল মুস্তাফা, স্থপতি ও লেখক শাকুর মজিদ প্রমুখ। এ ছাড়া বিভিন্ন আবৃত্তি সংগঠনের সদস্যরাও ছিলেন শহীদ মিনার প্রাঙ্গণে। শেষ শ্রদ্ধা জানানোর আয়োজনটি সমন্বয় করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন কাজী আরিফ। আবৃত্তিচর্চাকে তিনি শিল্পে রূপ দিয়েছেন। এত তাড়াতাড়ি তিনি চলে যাবেন সেটা আমরা ভাবতে পারিনি।’

মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছবি প্রথম আলো
মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ছবি প্রথম আলো

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বলেন, ‘কাজী আরিফ ব্যক্তি প্রতিষ্ঠানকে সমষ্টিগত জায়গায় নিয়ে গিয়েছিলেন। তাই আমাদের তাঁর কাজের মূল্যায়ন করতে হবে।’ আবৃত্তিকার হাসান আরিফ বলেন, ‘এই মৃত্যু কারো কাম্য নয়। আবৃত্তিশিল্পে তিনি ছিলেন অদ্বিতীয়।’
সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের পর জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় জামে মসজিদে তাঁর দ্বিতীয় জানাজা হয়। সেখান থেকে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী নেয়া হয় মেয়ের বাসায়।
গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজী আরিফ মারা যান। পরে রোববার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টারে বাদ মাগরিব তাঁর প্রথম জানাজা হয়।
কাজী আরিফ ১৯৫২ সালের ৩১ অক্টোবর তৎকালীন বৃহত্তর ফরিদপুরের রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। তাঁর শিক্ষা ও বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে। উচ্চশিক্ষা গ্রহণ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে। পেশায় স্থপতি এই গুণী একাধারে আবৃত্তিশিল্পী, লেখক ও মুক্তিযুদ্ধের সংগঠক।

কেন্দ্রীয় শহীদ মিনারে কাজী আরিফের মরদেহ দুপুর ১টা পর্যন্ত সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় ছবি প্রথম আলো
কেন্দ্রীয় শহীদ মিনারে কাজী আরিফের মরদেহ দুপুর ১টা পর্যন্ত সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয় ছবি প্রথম আলো

১৯৭১ সালে ১ নম্বর সেক্টরে মেজর রফিকুল ইসলামের কমান্ডে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তাদের একজন তিনি। সারা দেশ ঘুরে আবৃত্তির প্রশিক্ষণ দিয়েছেন সংগঠনগুলোতে।