কাজী গিয়াস এখন বেঙ্গলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল গ্যালারিতে কাজী গিয়াসউদ্দিনের একক চিত্রকর্ম প্রদর্শনী দেখছেন শিল্পী এবং অতিথিরা l ছবি: প্রথম আলো
বেঙ্গল গ্যালারিতে কাজী গিয়াসউদ্দিনের একক চিত্রকর্ম প্রদর্শনী দেখছেন শিল্পী এবং অতিথিরা l ছবি: প্রথম আলো

আগের দিন ৩৯টি ছবির নামফলক যখন লাগাচ্ছিলেন বেঙ্গল শিল্পালয়ের কর্মীরা, তখনই জনা কয়েক শিল্পসংগ্রাহক ছবি কিনছিলেন। আর গতকাল শিল্পী গিয়াসউদ্দিনের একক চিত্র প্রদর্শনীর আগে ধানমন্ডির গ্যালারিটি ঘুরে দেখা গেল, ২৪টি চিত্রকর্মের নামফলকের ওপর বসে গেছে লাল টিপ।
তাই আগামী ২৬ মে, প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত যাঁরা তাঁর ছবি দেখতে ‘নোটেশন: রিকনস্ট্রাক্টেড’ প্রদর্শনীতে যাবেন না, তাঁরা সম্ভবত আর কোনো দিন এ অসাধারণ কাজগুলো দেখতে পাবেন না। কারণ, দুদিনে বিক্রির পরিসংখ্যান বলছে, প্রদর্শনী শেষ হতে হতে আর একটি ছবিও শিল্পীর কাছে অবশিষ্ট থাকবে না।
গ্যালারিতে ঢোকার আগেই কানে ভেসে এল মোজার্টের সুর। জাপানি কোম্পানি আসকা শিঁশা বের করছে মোজার্টের সব সুর তিন খণ্ডে ৩৬টি সিডিতে। সেগুলোর প্রচ্ছদে ব্যবহৃত হবে কাজী গিয়াসের ১৫টি চিত্রকর্ম, যেগুলো বাছাই করা হয় বেঙ্গল ফাউন্ডেশন ও ইতালির স্কিরা এডিটর প্রকাশিত বই কনটেম্পরারি মাস্টার্স অব বাংলাদেশ: কাজী গিয়াসউদ্দিন থেকে। প্রথম খণ্ডের ১২টি সিডি ইতিমধ্যে বেরিয়ে গেছে। তারই একটা বাজছিল গতকাল।
সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘কাজী গিয়াসকে বাইরে থেকে দেখলে অহংকারী মনে হতে পারে তাঁর আত্মকেন্দ্রিকতার জন্য, কিন্তু তিনি আসলে খুব নরম মানুষ। তেমনি নরম তাঁর ছবি। এত নরম ছবি আমি খুব কম দেখেছি।’ আলোচনা করেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। সভাপতি ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।