কাজী রোকসানা ৫ প্রশ্ন
সম্প্রতি মঞ্চস্থ হয়ে গেল বটতলা নাট্যদলের খনা নাটকটি। এটি লিখেছেন সামিনা লুৎফা ওরফে নিত্রা। শুরুর দিকে নাম ভূমিকায় তিনি অভিনয়ও করতেন। নাটকটির নির্দেশনা দিয়েছেন মো. আলী হায়দার। নাটকটির নাম ভূমিকায় খনা চরিত্রে নিত্রার বিকল্প হিসেবে এখন অভিনয় করছেন কাজী রোকসানা। রুমা নামেই তিনি পরিচিত। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। খনা চরিত্রে অভিনয়ে নিজের অনুভূতি কেমন?প্রথমে বলতে চাই খনা চরিত্রটিতে অভিনয় করতে পেরে আমি খুবই খুশি। এটি আমার জন্য বড় পাওয়া। বটতলা আমাকে সেই সুযোগটি করে দিয়েছে। নাটকে দেখা যায় নারী হিসেবে খনা সত্যকে সঙ্গে নিয়ে এগিয়ে চলে। এ ধরনের একটা চরিত্র নিজের মধ্যে ধারণ করে অভিনয় করার অনুভূতি অসাধারণ। কীভাবে এই চরিত্রে অভিনয় করার সুযোগ হলো?নাটকটি অভিনয় করার আগে আমি পর পর তিনবার দর্শক সারিতে বসে দেখেছি নাটকটি। নাটকটি দেখার সময় প্রতিবারই কেঁদেছি আমি। প্রতিবারই নাটকটি দেখে মিলনায়তন থেকে বের হওয়ার পর মনে মনে ভাবতাম, যদি ওই চরিত্রে নিজেই অভিনয় করতে পারতাম! একদিন শুনলাম, চরিত্রটির রূপদানকারী নিত্রা বৃত্তি নিয়ে যুক্তরাজ্যে চলে যাচ্ছেন। চরিত্রটিতে আমার অভিনয় করার আগ্রহের কথা বটতলা দলের অনেকেই জানতেন। ফলে এভাবেই সুযোগটা হয়ে গেল। চরিত্রটিতে অভিনয়ের সময় নিত্রার কোনো প্রভাব পড়েছে বলে কি মনে হয়? আমি চেষ্টা করেছি আমার মতো করে চরিত্রটিতে অভিনয় করতে। আমি এখানে বিকল্প হিসেবে চরিত্রটি করেছি। যেহেতু চরিত্রটির সংলাপ, পোশাক, কোরিওগ্রাফি, মঞ্চে চলাফেরা—নাটকটি তৈরির সময় নিত্রা যেভাবে করেছেন, সেভাবেই তো করতে হবে; ফলে এসব জায়গায় আমাকে নিত্রার মতো করেই করতে হয়েছে। এ কারণে মঞ্চে নিত্রার মতই আমার অভিনয় কিছুটা মিলে যাওয়ার কথাও বলেছেন কোনো কোনো দর্শক। চরিত্রটি তুলতে কত দিন সময় নিয়েছেন? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নাট্যকলায় পড়ালেখা শেষ করার পর প্রায় ১০ বছর অভিনয়ে বিরতি নিয়েছিলাম। এ সময়ে মঞ্চে কোনো কাজ করা হয়নি। তাই চরিত্রটি তুলে নিতে একটু বেশি সময় লেগেছে। প্রায় এক মাস ধরে চরিত্রটির জন্য মহড়া করেছি। এখন তো নিত্রা দেশে ফিরেছেন। চরিত্রটি আপনি করবেন, নাকি নিত্রা?আমরা দুজনই ভাগাভাগি করে করব। দলে এ ব্যাপারে কথাবার্তা হয়েছে। নাটকটির পর পর তিনটি শো নিত্রা করবেন, পরের তিনটি শো আমি করব। এভাবেই চরিত্রটিতে আমরা দুজন পর্যায়ক্রমে অভিনয় করব আশা করছি।