কাজে ফিরেছেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাহসান
তাহসান

আবারও ব্যস্ত হয়ে পড়েছেন কণ্ঠশিল্পী তাহসান ও অভিনেত্রী মিথিলা। নিজ নিজ অঙ্গনে ভিন্ন প্ল্যাটফর্মে চলমান দুজনের জীবন। দেশের সবচেয়ে জনপ্রিয় এ জুটির বিচ্ছেদের খবরে রীতিমতো মুষড়ে পড়েছিলেন দুজনের ভক্তরা। কিন্তু বিচ্ছেদে থেমে যায়নি তাঁদের কারোরই জীবন। জীবনের চলতি পথে হোঁচট খাওয়া দুই শিল্পী আবারও ছন্দে ফিরেছেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির নবরাত্রি মিলনায়তনে ‘লাভ ইন ঢাকা’ কনসার্টে গেয়েছেন তাহসান। একই দিন কিছুটা দূরে মিথিলা ছিলেন ব্যাচ-২৭ দ্য লাস্ট পেজ নামের টেলিছবির শুটিংয়ে। সারা দিন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও একটি ফ্লাইটে শুটিং করেছেন তিনি।

মিথিলা
মিথিলা


মিথিলা অভিনীত টেলিছবিটিতে তাঁর সহ-অভিনেতা অপূর্ব, আছেন মেহজাবিনও। পরিচালনা করছেন মিজানুর রহমান। ঈদুল ফিতরে প্রচারিত ব্যাচ ২৭-এর সিক্যুয়াল যেখানে শেষ হয়, সেখান থেকে শুরু হবে ব্যাচ ২৭ দ্য লাস্ট পেজ। এটি দেখা যাবে ঈদুল আজহায় এনটিভিতে।

গতকাল শনিবার সন্ধ্যায় কথা হয় তাহসানের সঙ্গে। সে সময় তিনি ব্যস্ত সন্তান আইরাকে নিয়ে। তিনি বলেন, ‘গত এক সপ্তাহে আমি তিনটি স্টেজ শো করেছি। একটি চট্টগ্রামে, বাকি দুটি ঢাকায়। গানের কাজও চলছে। সামনের ঈদে শ্রোতারা আমার ৭ নম্বর একক অ্যালবাম হাতে পাবেন। সাতটি গান দিয়ে এই অ্যালবামটি তৈরি হচ্ছে। এ ছাড়া মিক্সড অ্যালবামের জন্য দুটি গান গেয়েছি।’

ঈদ বা অন্য উৎসবের সময় নাটকেও অভিনয় করতে দেখা যায়। এবারও যাবে কি না, জানতে চাইলে তাহসান বলেন, ‘বেশ কয়েকজন পরিচালক যোগাযোগ করেছেন। চ্যানেল আর এজেন্সি থেকেও চাইছিল আমি যেন নাটকে কাজ করি। কিন্তু এবারের ঈদে আমি অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু এ ঈদে নতুন অ্যালবাম আসছে, সে দিকটায় বেশি মনোযোগ দিতে চাই।’

মিথিলার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।