কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন মনীষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনীষা কৈরালা
মনীষা কৈরালা

মরণঘাতী ক্যানসার পরাস্ত করার পর এবার কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন নেপালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী মনীষা কৈরালা। শারীরিকভাবে তিনি এখন পুরোপুরি সুস্থ। তবে মানসিকভাবে পুরোপুরি সেরে ওঠার পরই কেবল তিনি ক্যামেরার সামনে দাঁড়াবেন। মনীষা নভেম্বরে নতুন ছবির শুটিং শুরু করবেন বলে নিশ্চিত করেছেন তাঁর ব্যবস্থাপক সুব্রত ঘোষ।
ডিম্বাশয় ক্যানসারে আক্রান্ত হওয়ার পর ছয় মাসেরও বেশি সময় যুক্তরাষ্ট্রে চিকিত্সা নিয়েছেন ৪২ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। গত জুনে ভারতে ফেরার পর এর মধ্যেই বেশ কয়েকটি ছবির প্রস্তাব হাতে পেয়েছেন মনীষা। তবে শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত হয়েই ছবির কাজ শুরু করতে চান তিনি। জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
এ প্রসঙ্গে মনীষার ব্যবস্থাপক সুব্রত ঘোষ জানান, সুস্থতার জন্য যোগব্যায়ামের পাশাপাশি ধ্যানের আশ্রয় নিচ্ছেন মনীষা। এ জন্য নেপাল থেকে একজন যোগব্যায়াম গুরুও এসেছেন। মনীষা তাঁর তত্ত্বাবধানেই আছেন। শারীরিকভাবে মনীষা এখন পুরোপুরি সুস্থ। ছবির কাজ শুরুর আগে মানসিকভাবেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে চান তিনি। এ জন্য নভেম্বরের আগে ছবির কাজ শুরু করতে পারবেন না তিনি।

সুব্রত আরও জানান, কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে মনীষার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা সন্তোষজনক বলেই জানিয়েছেন চিকিত্সকেরা। ভারতে ফেরার পর বলিউডের বেশ কয়েকজন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক মনীষার সঙ্গে দেখা করে কাজের প্রস্তাব দিয়েছেন। নভেম্বরের পর পুরোদমে কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ার সিদ্ধান্ত নিয়েছেন মনীষা।