কাঠগড়ায় দেশি টিভি চ্যানেল

আধা লিটার বিজ্ঞাপন, দুই মুঠো ভাঁড়ামো আর এক চিমটি ন্যাকামো দিয়ে জোরসে ‘ঘুঁটা’। হয়ে গেল সাম্প্রতিক বাংলাদেশের টিভি দর্শকদের জন্য নাটক। এবার পরিবেশন। বাংলাদেশের টেলিভিশন নাটককে এভাবে ব্যাখ্যা করলে বোধকরি অনেকেই একমত হবেন। প্রতিদিনের জীবন যাতনা থেকে একটু রেহাই পেতে যাঁরা টেলিভিশনের সামনে বসছেন, তাঁরা কী পাচ্ছেন? বিনোদিত হচ্ছেন, নাকি নির্যাতিত? একরকম প্রতারিত ও অপমানিত হয়েই তো দেশের বেশির ভাগ চ্যানেল প্রত্যাখ্যান করছেন দর্শক। বিকেল থেকে রাত পর্যন্ত দেখছেন কলকাতার চ্যানেল জি বাংলা ও স্টার জলসার অনুষ্ঠান।
জীবনের নানামুখী চাপ সামলে মানুষ একটু স্বস্তি পেতে চান। একটু স্বপ্নময় জগতে বিচরণ করতে চান, দেখা পেতে চান একটু আনন্দের। নানা অভাব, অগোছালো ছাপোষা জীবন গুটিয়ে রেখে টিভির সামনে তাঁরা বসেন খানিকক্ষণ, গোছালো একটি নাটক, রিয়েলিটি শো, রান্না, রূপচর্চা, গেম শো ও শিশুতোষ অনুষ্ঠান দেখবেন বলে।
উত্তর কমলাপুরে বসবাসরত সত্তরোর্ধ্ব জ্যেষ্ঠ টিভি দর্শক দিল আফরোজা বেগম অনেকটা সময় কাটান টেলিভিশনে। সারা দিন নানা অনুষ্ঠান চললেও মূলত বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত তাঁর পছন্দের অনুষ্ঠানগুলো চলে জি বাংলা ও স্টার জলসায়। ছেলেদের নিয়েও কখনো কখনো ‘সারেগামাপা’ অনুষ্ঠানটি দেখেন। কখনোবা রান্না ও ব্যক্তিগত গৃহকন্নার ফাঁকে ফাঁকে দেখেন ভুতু, কুসুম দোলা বা রাখিবন্ধন। তবে চ্যানেলগুলোর বেশ কিছু ধারাবাহিক নিয়ে তাঁর আপত্তি আছে। তাঁর মতে, অনুষ্ঠানগুলো দেখতে ভালো লাগে। কিন্তু সব অনুষ্ঠান যে খুব ভালো, তা কিন্তু নয়। কিছু কিছু নাটকের গল্প সামাজিক অবক্ষয় তৈরি করতে পারে।

কলকাতার টিভি দর্শক ও ব্যাংক কর্মকর্তা সুতপা মজুমদার ব্যাখ্যা করলেন, চ্যানেলগুলোর কনটেন্ট ভালো, দর্শক আটকে রাখার কায়দাটা তারা ভালো বোঝে। সময়মতো অনুষ্ঠান শুরু ও শেষ করা, সহনীয় সময়ের বিজ্ঞাপন বিরতি, অনুষ্ঠান পরিকল্পনা সবই গোছানো। সারা দিনের কাজের চাপের পর বৃহস্পতি থেকে শনি ‘হোম মিনিস্টার বৌমা’ গেম শোটি তাঁকে বেশ আনন্দ দেয়। এ ছাড়া পটলকুমার গানওয়ালা, ঝাঁজলবঙ্গ ফুল অনুষ্ঠান দুটিও তাঁর পছন্দের। নিয়মিত ভারতীয় বাংলা চ্যানেল দেখা ও বাংলাদেশের টিভি চ্যানেল না দেখার কারণ ব্যাখ্যা করে ঢাকা কলেজের তানিম বলেছেন, ‘বলা হয়, রাতের খবরের পর শুরু হবে নাটক। খবর শেষ হওয়ার পর ৪০ মিনিট বিজ্ঞাপন দেখতে হয়। তারপর শুরু হয় নাটক। পাঁচ মিনিট পর আবারও বিজ্ঞাপন। দেখা গেল, নাটক মোট ২০ মিনিট, ভেতরে বিজ্ঞাপন আরও ২০ মিনিট। এভাবে বিজ্ঞাপন দেখার সময় আছে?’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন এ জে এম শফিউল আলম ভূঁইয়া মনে করেন, এক ঘণ্টার অনুষ্ঠানে বিজ্ঞাপন বিরতি হওয়া উচিত সর্বোচ্চ ১০ থেকে ১২ মিনিট। এ প্রস্তাবটিই তিনি রেখেছিলেন সম্প্রচার নীতিমালা প্রণয়ন কমিটির কাছে। এ ছাড়া তাঁর প্রস্তাব ছিল টিভি মালিকেরা যেন আলোচনা করে বিজ্ঞাপনের মূল্য নির্ধারণ করে নেন, নয়তো বিজ্ঞাপনের প্রতিযোগিতায় চিরতরে তাঁরা দর্শক ও ব্যবসা দুই-ই হারাবেন। যদিও বিনোদন-বাণিজ্যই তাঁদের মূল উদ্দেশ্য কি না তা নিয়ে সন্দেহ পোষণ করেছেন তিনি।
দেশের টিভি অনুষ্ঠানের মান উন্নয়নে প্রশিক্ষিত জনবল তৈরির ওপর জোর দিয়েছেন শফিউল আলম ভূঁইয়া। তিনি বলেছেন, ‘একটি, দুটি থেকে ছাব্বিশটি টিভির অনুষ্ঠান তৈরির মতো দক্ষ লোক তৈরি হয়নি। মানসম্পন্ন নির্মাতা ও অভিনয়শিল্পী হাতে গোনা।’ সম্প্রচার আইন তৈরি হলে স্বাধীন সম্প্রচার কমিশন অনুষ্ঠানের মান নজরদারি করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
নাম প্রকাশ না করার শর্তে এক নির্মাতা জানিয়েছেন তাঁর নাটক তৈরির বাস্তবতার কথা। ধরা যাক, ১ লাখ ৬০ হাজার টাকা বাজেট। এর মধ্যে ক্যামেরা, শিল্পী ও চিত্রনাট্যকারের সম্মানী, যাতায়াত, খাবারের খরচ ও সম্পাদনা। নিজে থেকে এর বেশি খরচ করলে ঝুঁকি থেকেই যায়। লাভ তো দূরের কথা, খরচ তুলে আনাই মুশকিল হয়ে যায়।
এই খরায় এখনো দেশের সব থেকে জনপ্রিয় অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের ‘ইত্যাদি’। এর পরিকল্পক ও জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত জানালেন, দর্শক সম্পৃক্ততার কথা মাথায় রেখে সারা বছরই গবেষণা করতে হয় তাঁদের। অনুষ্ঠানের পর্বসংখ্যা না বাড়িয়ে তাঁরা মান ধরে রাখার চেষ্টা করেন। দেশ, সংস্কৃতি ও শিকড়কে সম্পৃক্ত রাখার কারণেই অনুষ্ঠানটি এখনো মানুষ পছন্দ করে।
টেলিভিশন অনুষ্ঠান নির্মাণের সঙ্গে দীর্ঘদিন জড়িত হানিফ সংকেত মনে করেন, প্রযুক্তিগতভাবে অনেক উন্নতি হলেও দক্ষ জনবল তৈরি করতে আমরা ব্যর্থ হয়েছি। এখন ফোরকে ক্যামেরা, ড্রোন ব্যবহার করা হচ্ছে বটে, কিন্তু আমাদের দেশের টিভি অনুষ্ঠানগুলোর দর্শক আটকে রাখতে না পারার অন্যতম কারণ বিচ্ছিন্নতা। তিনি বলেন, ‘এখনকার নাটকগুলোয় চরিত্র থাকে তিনটি, প্রেমিক, প্রেমিকা ও মোবাইল ফোন। সস্তা প্রেমের বাইরেও পরিবার, গ্রাম, দেশ ও মানুষের উপস্থিতি থাকে না।’ অথচ বন্ধন, ৫১বর্তী নাটকগুলো একসময় ছিল তুমুল জনপ্রিয়।
চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ মনে করেন, চ্যানেলগুলোকে পে–চ্যানেল করে ফেলা দরকার। তাতে দর্শকেরা টাকা খরচ করে তাঁদের পছন্দমতো চ্যানেল দেখবেন। তিনি বলেন, ‘ভারতীয় চ্যানেল যেভাবে আমরা অবাধে দেখতে পাই, ভারতেও আমাদেরগুলো দেখানোর ব্যবস্থা করা দরকার। এ জন্য সরকারের নীতিগত উদ্যোগ প্রয়োজন। ওই দেশের দর্শকেরাও আমাদের চ্যানেলগুলোর ব্যাপারে যথেষ্ট আগ্রহী।’ তিনি মনে করেন, যথেষ্ট বাজেট না থাকা ও বিজ্ঞাপনের বাজার সীমিত হওয়া আমাদের দেশে ভালো টিভি অনুষ্ঠান নির্মাণের অন্তরায়।
জ্যেষ্ঠ টিভি অনুষ্ঠান নির্মাতা ও অভিনয়শিল্পীদের অনেকে মনে করেন, ভাবনার সময় শেষ। পুরোনো ভুলগুলো সংশোধন করে এখনই কাজে নেমে পড়া দরকার। অনুষ্ঠান নির্মাণে যথাযথ গবেষণা, পরিকল্পনা, পেশাদারি, প্রশিক্ষণ ও জনরুচি তৈরিতে অবদান রাখতে না পারলে মানুষ টিভি দেখবে না। এ ছাড়া টিভি পর্দাই এখন বিনোদনের একমাত্র মাধ্যম নয়। ইউটিউব, অনলাইন টিভিসহ সারা পৃথিবীর চ্যানেলগুলোর দিকে চোখ রাখতে হচ্ছে দর্শককে। বাংলায় ডাবিং করা ডিসকভারি, অ্যানিমেল প্লানেটের মতো চ্যানেলগুলোও বাংলাদেশের টিভি দর্শকদের কাছে দারুণ জনপ্রিয়। শিশুদের উপযোগী মানসম্পন্ন অনুষ্ঠান নির্মাণেও মনোযোগ দেওয়া প্রয়োজন। তরুণ নির্মাতা মাহমুদ দিদারের ধারণা, অদূর ভবিষ্যতে নাটক বলতে কিছু থাকবে না। সব স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হয়ে চলে আসবে অনলাইনে।