কাঠমান্ডু ট্রিয়েনালে বাংলাদেশের শিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঠমান্ডু ট্রিয়েনালে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত প্রদর্শনীতে স্থান পাবে শিশির ভট্টাচার্য্যের এই শিল্পকর্ম
কাঠমান্ডু ট্রিয়েনালে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত প্রদর্শনীতে স্থান পাবে শিশির ভট্টাচার্য্যের এই শিল্পকর্ম

নেপালের কাঠমান্ডু ট্রিয়েনালে অংশ নিচ্ছেন বাংলাদেশের আট শিল্পী। সেখানে বেঙ্গল ফাউন্ডেশনের প্রযোজনায় আজ থেকে শুরু হচ্ছে প্রদর্শনী ‘আপহিভলস’।
তিন বছর পরপর আয়োজিত এ শিল্পকলা প্রদর্শনীর এবারের আয়োজন শুরু হয়েছে ২৪ মার্চ। চলবে ৯ এপ্রিল পর্যন্ত।
আজ স্থানীয় সময় বেলা দুইটায় বাংলাদেশের প্রদর্শনীটির যৌথভাবে উদ্বোধন করবেন নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মাশফী বিনতে শামস এবং কাঠমান্ডু ট্রিয়েনালের প্রতিষ্ঠাতা ও সভাপতি সংগীতা থাপা। প্রদর্শনীটি হবে পুলচকের ললিতপুরে, পার্ক গ্যালারিতে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
অংশগ্রহণকারী শিল্পীরা হলেন শিশির ভট্টাচার্য্য, মুস্তাফা জামান, ঢালী আল মামুন, দিলারা বেগম জলি, জিহান করিম, মার্জিয়া ফারহানা, প্রমথেশ দাশ পুলক ও রাজীব দত্ত। তাঁদের কাজের মধ্যে রয়েছে চিত্রকর্ম, ভিডিও আর্ট, ভাস্কর্য ও শিল্প স্থাপনা।
তিন প্রজন্মের আট শিল্পীর কাজে ধরা পড়বে দ্রুত পরিবর্তনশীল বাংলাদেশের সাম্প্রতিক ছবি। থাকবে অতীতের ধারাবাহিকতাও। ঢালী আল মামুনের শিল্প স্থাপনা ‘লাল সাহেবের চেয়ার’ মনে করিয়ে দেবে সামন্ততান্ত্রিক শাসনের ইতিহাস। দিলারা বেগম জলির কাজে পাওয়া যাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের সংগ্রামের কথা।
রাজীব দত্তের ছবি সমসাময়িক বিভিন্ন অবস্থাকে ব্যঙ্গ করে। শিশির ভট্টাচার্য্যের স্কেচ যুদ্ধপরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস তুলে ধরে। মুস্তাফা জামানের ‘দ্য গেটকিপার অব প্রি-স্টোরি’ ইতিহাসের একরৈখিক ব্যাখ্যাকে সমালোচনা করে।
প্রমথেশ দাশের ভাস্কর্য স্থাপনা যেমন তুলে ধরে জীবনের দ্বান্দ্বিকতাকে, তেমনি মার্জিয়া ফারহানার ছবি দৈনন্দিন জীবনের অনিশ্চয়তা ও অস্থিরতাকে। জিহান করিমের ভিডিও আর্ট প্রশ্ন করে নগরায়ণ ও অর্থনৈতিক উন্নয়নকে।