কাঠের ফ্রেমে সোনালি যুগের পোস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্র দিবস উপলক্ষে বিএফডিসি সাজানো হয়েছে নানা ধরনের পোস্টার দিয়ে
চলচ্চিত্র দিবস উপলক্ষে বিএফডিসি সাজানো হয়েছে নানা ধরনের পোস্টার দিয়ে

রাস্তাজুড়ে পুরোনো দিনের পোস্টার। এক পাশে খান আতা পরিচালিত ‘এখন অনেক রাত’, আরেক পাশে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত ‘আলোর মিছিল’। এভাবে এফডিসির ভেতরে বিভিন্ন সড়কে সাজানো আছে পুরোনো আমলের অনেক পোস্টার। ‘বেদের মেয়ে জোছনা’, ‘দেবদাস’, ‘নয়ন তারা’, ‘নিশান’, ‘উজান ভাটি’, ‘সমাধি’, ‘মানসী’, ‘বধূ বিদায়’, ‘নয়নমণি’, ‘দর্পচূর্ণ’সহ ষাট-সত্তর দর্শক থেকে শুরু করে হাল আমলের ছবির পোস্টারও দেখা গেল। এ তালিকায় ছিল গত বছর মুক্তি পাওয়া ‘এক পৃথিবী প্রেম’ এবং মুক্তিপ্রতীক্ষিত ‘রাজনীতি’ ছবির পোস্টারও।
আজ বেশ ঘটা করে পালিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আয়োজন করা হয়েছে নানা ধরনের অনুষ্ঠানের। পাশাপাশি বেলুন, ফুল দিয়ে সাজানো হয়েছে পুরো এফডিসি। কিন্তু আলাদা করে দৃষ্টি কেড়েছে পুরোনো দিনের ছবির পোস্টার। পুরো এফডিসির ভেতরের রাস্তাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে পোস্টারগুলো। পিভিসি প্রিন্ট করে কাঠের ফ্রেমে আটকে রাখা হয়েছে পোস্টারগুলো। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের এ উদ্যোগ বেশ সাড়া ফেলেছে আগত দর্শনার্থীদের মধ্যে। উৎসাহী দর্শকেরা সেসব পোস্টারের সামনে দাঁড়িয়ে পুরোনো দিনের চলচ্চিত্রের গল্প করছিলেন। ছবিও তুলছিলেন অনেকে।
চলচ্চিত্র দিবস উপলক্ষে দিনব্যাপী নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে বিএফডিসি।