কাতারে ঈদ করছেন এক ডজন তারকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ঈদ কাতারে কাটাবেন এ প্রজন্মের বেশ কয়েকজন মডেল, অভিনয়শিল্পী ও সংগীতশিল্পী। এর মধ্যে আছেন ইমন, কুসুম, মীম, নিপুণ, নীরব, রোমানা, বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, পথিক নবী প্রমুখ। কাতারের প্রবাসী বাঙালিদের আমন্ত্রণে দুটি আলাদা দলে বিভক্ত হয়ে তাঁরা কাতারে যাচ্ছেন। এরই মধ্যে গতকাল ভোরের ফ্লাইটে ইমন, কুসুম, আঁখি আলমগীর ও মীম কাতারে পৌঁছেছেন। আজ ১৯ আগস্ট কাতারে তাঁরা বেশ কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করবেন।ইমন বলেন, ‘ঈদে পরিবারের সঙ্গে দেশে সময় কাটাতেই ভালো লাগে। কিন্তু প্রবাসী বাংলাদেশিদের অনুরোধে তাঁদের মন রাখতেই সেখানে যাওয়া। পুরো বছর তাঁরা নিজ দেশ ও আত্মীয়-পরিজন ছেড়ে বিদেশে কাজ করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা আয় করেন। দেশকে স্বাবলম্বী করার চেষ্টায় নিয়োজিত থাকেন তাঁরা। তাই খুশির একটি দিনে তাঁদের বিমুখ করতে চাইনি।’মীম বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে এখন অনেক বাঙালি রয়েছে। তাই এখন আসলে সেভাবে মনেই হয় না যে দেশের বাইরে কোথাও আছি। তবে প্রবাসী বাঙালিদের সঙ্গে আনন্দ উদযাপনের মজাই কিন্তু অন্য রকম।’এদিকে আজ সন্ধ্যায় কাতারের উদ্দেশে ঢাকা ছাড়ছেন নীরব, নিপুণ, রোমানা, বাপ্পা মজুমদার ও পথিক নবী। প্রবাসী বাঙালীদের আয়োজনে কাল ২০ আগস্ট তাঁরা সেখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। নীরব বলেন, ‘পরিবারের সদস্যদের ছাড়া ঈদ খুব একটা করা হয় না। একটা কথা সত্যি যে এসব ভক্ত-শ্রোতার জন্য আজ আমরা এ অবস্থানে আসতে পেরেছি। তাই ঈদের মতো একটা দিন তাঁদের সঙ্গে কাটানো সত্যিই অন্য রকম একটা অভিজ্ঞতা হবে বলে আমার বিশ্বাস।’